সাদিকুল খান, কলকাতাঃ অবশেষে কি কালীঘাট তৃণমূলে ফিরছেন মদন মিত্র? মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দূরত্ব তৈরি হওয়ার পর থেকেই তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে একাধিকবার জল্পনা তৈরি হয়েছে। এবার সেই জল্পনাই নতুন করে উসকে দিয়েছে একটি ছবি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ছবিতে কুণাল ঘোষ-সহ কালীঘাট তৃণমূলের অন্যান্য নেতা-কর্মীদের সঙ্গে বিধানসভার বাইরে এক ফ্রেমে দেখা গিয়েছে কামারহাটির বিধায়ক তথা ‘ও লাভলী’ খ্যাত মদন মিত্রকে। অন্যান্য দিনের মতো এদিনও তাঁকে বেশ হাসিখুশি মেজাজেই দেখা যায়। আর সেই ছবি প্রকাশ্যে আসার পর থেকেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, তাহলে কি ফের কালীঘাট তৃণমূলে ঘরওয়াপসি হতে চলেছে মদন মিত্রের?
কালীঘাট তৃণমূলে ফিরলেন মদন মিত্র?
ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর তৃণমূলের অন্দরে ভাঙন আরও স্পষ্ট হয়ে ওঠে। একে একে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ছেড়ে বিদ্রোহী শিবিরে যোগ দিতে শুরু করেন একাধিক সাংসদ ও বিধায়ক। সেই তালিকায় নাম লেখান মদন মিত্রও। দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী মদনকে কালীঘাট তৃণমূল ছেড়ে ঋতব্রত শিবিরে যেতে দেখে তৃণমূলের কর্মী-সমর্থকদের মধ্যেও যথেষ্ট চমক তৈরি হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের শুরুর দিকের সঙ্গীদের মধ্যে অন্যতম মদন মিত্রের এই সিদ্ধান্ত সেই সময় দলের অন্দরে যথেষ্ট আলোচনার জন্ম দিয়েছিল।
যদিও মদন মিত্র একা নন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী বীরভূমের কেষ্ট ওরফে অনুব্রত মণ্ডলও ঋতব্রত তৃণমূলে যোগ দিয়েছিলেন বলে জানা যায়। সম্প্রতি নব্য তৃণমূলের উদ্যোগে আয়োজিত তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানেও দেখা গিয়েছিল মদন মিত্রদের। তবে বুধবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ছবিকে ঘিরেই মদনের ফের কালীঘাট তৃণমূলে যোগ দেওয়ার জল্পনা আরও জোরালো হয়েছে। ছবিটি পোস্ট করেছেন কালীঘাট তৃণমূলের মমতা-পন্থী নেত্রী তথা হুগলি তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা অধিকারী। যদিও মদন মিত্রের কালীঘাট তৃণমূলে ফেরার বিষয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা বা নিশ্চিত তথ্য সামনে আসেনি।
উল্লেখ্য, এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দলে যোগ দিয়েছিলেন মদন মিত্র। সিদ্ধান্ত নেওয়ার পর সোজা তৃণমূল ভবনে ঋতব্রতদের সঙ্গে দেখা করতে হাজির হয়েছিলেন তিনি। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্যও করেছিলেন তৃণমূলের এই বিধায়ক। তাঁর সেই বক্তব্য ঘিরে তৃণমূলের অন্দরেও সেই সময় যথেষ্ট চর্চা তৈরি হয়েছিল।
