সাদিকুল খান, কলকাতাঃ উপনির্বাচনের আগে ইসলামপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘স্পিচ রেকর্ডিং’ ঘিরে ফের সরগরম রাজনৈতিক মহল। দলত্যাগীদের উদ্দেশে মমতা কি এবার দলে ফেরার জন্য ১৫ দিনের সময়সীমা বেঁধে দিলেন? তাঁর বার্তা, “ফিরলে ১৫ দিনের মধ্যে ফিরুন, ১৫ দিনের মধ্যে না ফিরলে দলে ঠাঁই নেই।” এই বার্তা সামনে আসতেই শুরু হয়েছে জোর চর্চা। দীর্ঘদিন মমতার সঙ্গী থাকা এবং বর্তমানে নব্য তৃণমূলের বিধায়ক মদন মিত্র এই বার্তার কী জবাব দিলেন।
মমতাকে তীব্র কটাক্ষ মদন মিত্রের
মমতা বন্দ্যোপাধ্যায়ের দলত্যাগীদের দলে ফেরার বার্তা ঘিরে এবার তীব্র কটাক্ষ করলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। ইসলামপুরে কর্মিসভা থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মমতার সেই বার্তা শোনানোর পরই প্রতিক্রিয়া দেন মদন। তাঁর দাবি, দলের কর্মীরাই দলের মূল সম্পদ এবং তাঁদের আস্থা ফেরানোই আগে জরুরি। মদনের অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে ক্ষমতার অপব্যবহার ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। তিনি উদাহরণ টেনে বলেন, পিজি হাসপাতালের এক সহকারী সুপারকে ডিরেক্টর করা হয়েছিল, অথচ তাঁর কাজ ছিল রোগী ফিরিয়ে দেওয়া; পরে সেই হাসপাতাল থেকেই মমতার চিকিৎসা সংক্রান্ত নথি প্রকাশ্যে আসে বলে দাবি করেন তিনি। মদনের প্রশ্ন, এই পরিস্থিতিতে কর্মীরা কীসের ভরসায় আবার দলে ফিরবেন?
‘১৫ মাস সময় দিলেও ফিরব না’, স্পষ্ট বার্তা মদনের
মদন মিত্র আরও বলেন, দলে মূলত দুই ধরনের কর্মী রয়েছেন—‘কোর কমিটির কর্মী’ এবং ‘মার খাওয়া কর্মী’। তাঁর দাবি, ১৫ দিনের বদলে ১৫ মাস সময় দেওয়া হলেও তিনি আর দলে ফিরবেন না। প্রয়োজনে রাজনীতি ছেড়ে দেওয়ার কথাও বলেন কামারহাটির বিধায়ক। মদনের কথায়, নতুন করে ‘সিরাজের প্যালেস’-এর মতো ‘কালীঘাটের প্যালেস’-এ তাঁর থাকার কোনও ইচ্ছা নেই। তাই তৃণমূলে ফেরার দরজাও তিনি নিজের জন্য বন্ধ করে দিয়েছেন বলে স্পষ্ট জানান।
‘কর্মীরা কীসের ভরসায় ফিরবে?’ প্রশ্ন মদনের
মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তার জবাবে আরও কটাক্ষ করেন মদন মিত্র। তিনি বলেন, মমতা নিজের চিকিৎসা সংক্রান্ত নথিই সুরক্ষিত রাখতে পারছেন না, তাহলে কীভাবে সাধারণ মানুষকে সুরক্ষা দেবেন—সেই প্রশ্নও তোলেন তিনি। মদনের দাবি, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর গত চার মাসে পরপর একাধিক ঘটনা ঘটেছে। তবে এখনই রাজনৈতিক পালাবদল হবে না বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি অধীর চৌধুরীর বক্তব্যের প্রসঙ্গ টেনে মদন বলেন, দলত্যাগীদের ফেরার আহ্বান জানানো হলেও কী শর্তে তাঁদের ডাকা হচ্ছে, তা আগে স্পষ্ট করা দরকার। তাঁর কথায়, পরিস্থিতি এখনও আগের মতোই রয়েছে এবং পুরসভা নির্বাচনকে কেন্দ্র করেই ফের রাজনৈতিক লড়াই জোরদার হবে।
অন্যদিকে বিজেপিতে যোগ দিয়ে রাজ্যসভায় কোয়েল মল্লিকের প্রার্থী হওয়া নিয়ে মদন বলেন, “ভবানীপুর এলাকার অত্যন্ত পুরানো পরিবারের মেয়ে। বাংলার রাাজনীতিতে না হোক চিত্র জগতে তাঁর যথেষ্ট অবদান আছে। মানুষের রাজ্যসভার সদস্যপদ পাওয়া খুব সম্মানের। তৃণমূল যখন অবিভক্ত ছিল, কোয়েল রাজ্যসভায় ছিলেন। আমরা ওকে রাজ্যসভা দিয়েছিলাম। এখন আবার বিজেপি দিল। দুটোই এক। তবে উনি বিজেপির পদ নিলেন। এটা তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। রাজনীতিতে দুঃখ বলে কিছু থাকে না। তবে একটা আঘাত থাকে।”
