সাদিকুল খান, কলকাতাঃ পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রে বড়সড় পরিবর্তন আনল রাজ্য সরকার। এবার থেকে রাজ্যে আলাদা করে মাদ্রাসা সার্ভিস কমিশন (WBMSC) থাকছে না। তার পরিবর্তে রাজ্যের সমস্ত অনুমোদিত মাদ্রাসাকে স্কুল সার্ভিস কমিশন (SSC)-এর আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ৬ অক্টোবর একটি প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। এর ফলে এখন থেকে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমেই রাজ্যের অনুমোদিত হাই মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা এবং জুনিয়র হাই মাদ্রাসায় শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হবে।
রাজ্যে উঠে গেল মাদ্রাসা সার্ভিস কমিশন
রাজ্যের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তন আসতে চলেছে। মাদ্রাসা সার্ভিস কমিশন তুলে দিয়ে দুই কমিশনকে একত্রিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত কয়েক বছর ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তের মাদ্রাসা ও খারিজি মাদ্রাসার অনুমোদন, অস্তিত্ব, পরিকাঠামো ও স্বচ্ছতা নিয়ে নানা প্রশ্ন উঠছিল। অনেক ক্ষেত্রে নথিতে মাদ্রাসার নাম থাকলেও বাস্তবে সেখানে প্রয়োজনীয় পরিকাঠামো বা অস্তিত্বের হদিশ পাওয়া যায়নি। এর পাশাপাশি, মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে হওয়া আগের নিয়োগ প্রক্রিয়া নিয়েও একাধিক আইনি জটিলতা তৈরি হয়েছিল। এই পরিস্থিতিতে শিক্ষা ব্যবস্থায় আরও স্বচ্ছতা ও সমতা আনার পাশাপাশি মাদ্রাসা স্তরেও স্কুলের মতো যোগ্যতার ভিত্তিতে শিক্ষক নিয়োগ নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর ফলে কী কী বদল হবে?
মাদ্রাসা সার্ভিস কমিশন তুলে দিয়ে স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে যুক্ত করার ফলে মাদ্রাসায় শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় বড় পরিবর্তন আসতে পারে। আগে সাধারণ স্কুলের শিক্ষক নিয়োগের জন্য স্কুল সার্ভিস কমিশন এবং মাদ্রাসার জন্য মাদ্রাসা সার্ভিস কমিশন আলাদা মেধাতালিকা বা প্যানেল প্রকাশ করত। এবার থেকে হাই মাদ্রাসার শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে একটি অভিন্ন মেধাতালিকা বা কমন প্যানেল তৈরির ব্যবস্থা হতে পারে। একইসঙ্গে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার প্রশাসনিক কাঠামোতেও পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে। মাদ্রাসা বোর্ডকে রাজ্য স্কুল শিক্ষা ব্যবস্থার সঙ্গে সমন্বয় করার উদ্যোগ নেওয়া হলে ভবিষ্যতে মাদ্রাসাগুলির প্রশাসনিক ও পরিকাঠামোগত বিষয়েও নতুন নিয়ম কার্যকর হতে পারে।
চাকরিপ্রার্থীদের উপর এর কী প্রভাব পড়বে?
মাদ্রাসা সার্ভিস কমিশন তুলে দেওয়ার সিদ্ধান্তে রাজ্যের TET ও SLST চাকরিপ্রার্থীদের নিয়োগ প্রক্রিয়ায় বেশ কিছু পরিবর্তন আসতে পারে। একক কমিশনের মাধ্যমে পরীক্ষা ও নিয়োগ পরিচালিত হলে পুরো প্রক্রিয়ায় আরও একরকম নিয়ম কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, স্কুল সার্ভিস কমিশনের মতো একই ধরনের সিলেবাস ও প্রশ্নপদ্ধতি মাদ্রাসা শিক্ষক নিয়োগেও চালু হলে চাকরিপ্রার্থীদের আলাদা করে দুটি ভিন্ন পরীক্ষার প্রস্তুতি নেওয়ার প্রয়োজন কমবে। আগে সাধারণ স্কুল ও মাদ্রাসায় চাকরির জন্য পৃথকভাবে আবেদন করতে হলেও ভবিষ্যতে একটি কেন্দ্রীয় বিজ্ঞপ্তির মাধ্যমে দুই ধরনের প্রতিষ্ঠানের শূন্যপদে আবেদন করার সুযোগ তৈরি হতে পারে। তবে পরীক্ষা, সিলেবাস, মেধাতালিকা এবং আবেদন ফি সংক্রান্ত চূড়ান্ত নিয়ম সরকারি বিজ্ঞপ্তি প্রকাশের পরই স্পষ্ট হবে।
