মহালয়ার আগে ফের বৃষ্টির চোখরাঙানি! দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা, আগামীকালের আবহাওয়া

জানারুল খান, কলকাতাঃ পুজোর আর হাতে গোনা কয়েকটা দিন, তার আগেই মহালয়া ও দেবীপক্ষের সূচনা। তাই শেষ মুহূর্তের প্রস্তুতি এবং পুজোর কেনাকাটায় ব্যস্ত বাঙালি। তবে এই আনন্দের মাঝেই চিন্তা বাড়াচ্ছে আবহাওয়া। আগামীকালও দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে পুজোর আগে আবহাওয়ার এই পরিস্থিতি নিয়ে কিছুটা উদ্বেগেই রয়েছেন রাজ্যবাসী।

- Advertisement -

আজকের আবহাওয়া

সকাল থেকেই মোটের উপর মনোরম রয়েছে আবহাওয়া। সকালে রোদ ঝলমলে পরিষ্কার আকাশ দেখা গেলেও দুপুরের পর আকাশ আংশিক মেঘলা হতে পারে। দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টিও হতে পারে। সব মিলিয়ে আজকের আবহাওয়া কেমন থাকবে এবং কোথায় বৃষ্টির সম্ভাবনা বেশি, এক নজরে জেনে নেওয়া যাক।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী, আগামীকাল বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকে রোদ ঝলমলে আকাশ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ আংশিক মেঘলা হতে পারে। বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টিও হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। অন্যদিকে, আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।

- Advertisement -

কলকাতায় আগামীকালের আবহাওয়া

আগামীকাল বুধবার কলকাতায় সকালটা শুরু হতে পারে পরিষ্কার আকাশেই। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশে মেঘের আনাগোনা বাড়বে এবং দুপুরের দিকে আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। বিকেল বা সন্ধ্যার দিকে শহরের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিও হতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর গরম বজায় থাকবে।

- Advertisement -

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গে তুলনামূলকভাবে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামীকাল বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের কিছু অংশে দু-এক পশলা ভারী বৃষ্টিও হতে পারে। এই কারণে উত্তরবঙ্গের এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও দমকা হাওয়াও বইতে পারে।

JANARUL KHAN
JANARUL KHANhttps://jknews24.in/
আমি জানারুল খান। গত তিন বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছি। এর মধ্যে দেড় বছরেরও বেশি সময় ধরে JKNews24-এর সঙ্গে কাজ করছি। দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ঘটনা, সাম্প্রতিক বিষয় এবং গুরুত্বপূর্ণ খবর নিয়ে চর্চা ও বিশ্লেষণ করতে আগ্রহী। নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে সহজ ও পাঠকবান্ধব ভাষায় সংবাদ তুলে ধরাই আমার কাজের অন্যতম লক্ষ্য।
Breaking News