ফের ডিম হামলার শিকার মহুয়া, নিজেকে স্বাধীনতা সংগ্রামীর সঙ্গে তুলনা

সাদিকুল খান, কলকাতাঃ নিজের লোকসভা কেন্দ্রে এবার ডিম হামলার মুখে পড়লেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র। ঘটনার পর একটি ভিডিও বার্তায় বিজেপিকে নিশানা করেন তিনি। একইসঙ্গে সুপ্রিম কোর্টের প্রসঙ্গ তুলে একাধিক মন্তব্যও করেন তৃণমূল সাংসদ। ডিম হামলার ঘটনার পর নিজেকে স্বাধীনতা সংগ্রামীর সঙ্গেও তুলনা করেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাংসদ মহুয়া মৈত্র। ওই ভিডিও বার্তায় সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্তের প্রশংসা করতেও শোনা যায় তাঁকে।

- Advertisement -

বুধবার নিজের লোকসভা কেন্দ্রে দলীয় বৈঠকে যোগ দিতে গিয়ে হেনস্থার শিকার হওয়ার অভিযোগ তুলেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তাঁর দাবি, বিজেপির কয়েকজন স্থানীয় নেতাকর্মী পুলিশের সামনেই তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়েন। তাঁর আরও অভিযোগ, গোটা ঘটনার সময় পুলিশ কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করে। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করা একটি ভিডিও বার্তায় মহুয়া বলেন, “আপনারা সবাই দেখেছেন সুপ্রিম কোর্ট আমাকে বলেছে যাও ডিম হামলার মুখোমুখি হও, যেভাবে একজন স্বাধীনতা সংগ্রামী বন্দুকের গুলির মোকাবিলা করে! তাই আমি আমার নিজের কেন্দ্রে একটি দলীয় বৈঠক করতে এসেছিলাম।”

মহুয়ার অভিযোগ, “নিজের কেন্দ্রে দলীয় বৈঠকে অংশ নিতে এসেছিলাম। ঠিক সেই সময় নবনির্বাচিত বিজেপির মণ্ডল সভাপতি, বিজেপির পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ-সভাপতি-সহ আরও ৭-৮ জন বিজেপি কর্মী-সমর্থক পুলিশের উপস্থিতিতেই আমাকে হেনস্থা করেন। পুলিশের সামনেই আমাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে। আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন, এখন বাংলায় পুলিশের সামনে কী কী ঘটছে! পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটাই দেখছে।”

- Advertisement -

এরপরই কলকাতা হাইকোর্টের প্রসঙ্গ তুলে মহুয়া মৈত্র বলেন, “কলকাতা হাইকোর্ট স্পষ্ট করে জানিয়েছে, ডিম ছোড়ার মতো ঘটনা একেবারেই কাম্য নয়। অথচ বিজেপির লোকজন পুলিশের সামনেই যা ইচ্ছে করছে! পুলিশকে বললে পুলিশ বলছে, এটা জনরোষ। সাধারণ মানুষ ডিম মারছে, আমরা কী করব! আমি বলছি, এখানে সাধারণ মানুষের কোনও যোগ নেই। এরা বিজেপির কর্মী-সমর্থক। কার্যালয়ের বাইরে দাঁড়িয়ে এরাই ‘জয় শ্রীরাম’ স্লোগান দিচ্ছিল।”

- Advertisement -

এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দপ্তর প্রশংসাও শোনা যায় মহুয়া মৈত্রের গলায়। তৃণমূল সাংসদ বলেন, “আমি সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্তকে ধন্যবাদ জানাতে চাই। তিনি আমাকে বলেছিলেন তোমার যাওয়া উচিত এবং সাহসিকতার সাথে এই ধরনের বিষয়গুলির মোকাবিলা করা উচিত। তাই আমি তাঁকে বলতে চাই, আপনি যেমনটা বলেছিলেন, এটা মাথায় রেখেই আমি এখানে এসেছি এবং বন্দুকের গুলির মতোই প্রত্যেকটা ডিম হামলা সহ্য করেছি।”

Sadikul Khan
Sadikul Khanhttps://jknews24.in/
আমি সাদিকুল খান। গত তিন বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছি। শিক্ষা ও রাজনীতির খবর নিয়ে চর্চা ও লেখালেখি করতে বিশেষ আগ্রহী। তবে এই দুই ক্ষেত্রের পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়েও লেখার অভিজ্ঞতা রয়েছে। পাঠকের কাছে সহজ ও তথ্যভিত্তিকভাবে খবর তুলে ধরাই আমার অন্যতম লক্ষ্য। কাজের বাইরে অবসর সময়ে রহস্য ও রোমাঞ্চধর্মী গল্পের বই পড়তে ভালোবাসি। মেল- hdmoviekey@gmail.com
Breaking News