তামান্না খান, কলকাতাঃ একাদশ–দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বড়সড় পরিবর্তন করল স্কুল সার্ভিস কমিশন (SSC)। পুরনো প্যানেল বাতিল করে এবার সংশোধিত শূন্যপদের ভিত্তিতে নতুন তালিকা প্রকাশ করেছে কমিশন। একাদশ–দ্বাদশের সহকারী শিক্ষক নিয়োগে আগের ইন্টারভিউ তালিকার বদলে নতুন করে প্রাথমিক ইন্টারভিউ তালিকা প্রকাশ করা হয়েছে। সংশোধিত শূন্যপদের হিসাব অনুযায়ী এই তালিকা তৈরি করা হয়েছে বলে জানিয়েছে SSC। এর ফলে আগে প্রকাশিত ইন্টারভিউ তালিকা, চূড়ান্ত প্যানেল এবং ওয়েটিং লিস্ট—সবই বাতিল বলে গণ্য হবে। নতুন তালিকার ভিত্তিতেই এবার পরবর্তী নিয়োগ প্রক্রিয়া এগোবে।
নতুন তালিকায় যুক্ত প্রার্থীদের কী হবে?
আগের প্যানেল ও ওয়েটিং লিস্টের ভিত্তিতে হওয়া সমস্ত কাউন্সেলিংও বাতিল করেছে স্কুল সার্ভিস কমিশন। কাউন্সেলিংয়ের পর প্রার্থীদের দেওয়া সুপারিশপত্রও প্রত্যাহার করা হয়েছে। তবে নতুন তালিকায় থাকা যে প্রার্থীরা ইতিমধ্যেই ইন্টারভিউ এবং ক্লাস নেওয়ার পরীক্ষা দিয়েছেন, তাঁদের আর নতুন করে ওই পরীক্ষায় বসতে হবে না।
একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগে বড় বদল
আগের লিখিত পরীক্ষা, শিক্ষাগত যোগ্যতা, ইন্টারভিউ এবং ক্লাস নেওয়ার পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতেই তাঁদের নতুন চূড়ান্ত মেধাতালিকা তৈরি করা হবে। অন্যদিকে, নতুন তালিকায় যাঁদের নাম যুক্ত হয়েছে, তাঁদের নথি যাচাই, ইন্টারভিউ এবং ক্লাস নেওয়ার পরীক্ষার দিনক্ষণ পরবর্তী সময়ে জানাবে SSC। হাইকোর্টের নির্দেশ মেনেই একাদশ–দ্বাদশের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এই পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন।
কী জানিয়েছিল কলকাতা হাইকোর্ট?
এসএসসি একাদশ–দ্বাদশের নতুন মেধাতালিকায় সংরক্ষণ ব্যবস্থাতেও বড় পরিবর্তন এসেছে। হাইকোর্টের নির্দেশ মেনে ১৭ শতাংশের পরিবর্তে এবার ৭ শতাংশ OBC সংরক্ষণ কার্যকর করা হচ্ছে। এর ফলে অতিরিক্ত ১০ শতাংশ আসন সাধারণ পরীক্ষার্থীদের মেধাতালিকার সঙ্গে যুক্ত হবে। পাশাপাশি নতুন তালিকায় EWS সংরক্ষণও রাখা হয়েছে আদালতের নির্দেশ অনুযায়ী। ১২ অগাস্ট ২০২৫ পর্যন্ত ইস্যু হওয়া EWS শংসাপত্র গ্রহণ করে সেই অনুযায়ী সংরক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছে কমিশন।
