বৃহস্পতিবারের আবহাওয়ার বড় আপডেট, দক্ষিণবঙ্গের ৭ জেলায় বৃষ্টি-বজ্রপাতের সম্ভাবনা

জানারুল খান, কলকাতাঃ হাতের কাছে ছাতা রাখুন, আর বজ্রপাতের সময় বাড়তি সতর্ক থাকুন। আজ বৃহস্পতিবার আলিপুর আবহাওয়া দফতর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী কয়েক ঘণ্টায় বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় ৪০–৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রপাতের আশঙ্কায় কমলা সতর্কতাও জারি করা হয়েছে।

- Advertisement -

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আজ থেকেই প্রবল বজ্রবিদ্যুৎ সহ আকাশভাঙ্গা বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। মৌসম ভবনের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, প্রবল বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টির জন্য বৃহস্পতিবার কমলা সতর্কতা জারি করা হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, বাঁকুড়া, হুগলী এবং পুরুলিয়া জেলায়। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিমি বেগে ঝড়েরও সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

আজ উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির দাপট থাকতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় আলিপুরদুয়ার জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি কোচবিহার, দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি রয়েছে।

- Advertisement -

বর্তমানে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু উত্তরবঙ্গে সক্রিয় রয়েছে। সমুদ্রপৃষ্ঠে মৌসুমি অক্ষরেখাটি সৌরাষ্ট্র ও সংলগ্ন উত্তর-পূর্ব আরব সাগরের উপর থাকা নিম্নচাপ এলাকার কেন্দ্র থেকে দিসা, জয়পুর, আগ্রা, লখনউ, গয়া এবং সাগরদ্বীপের উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরাংশ থেকে উত্তর ওড়িশা পর্যন্ত সমুদ্রপৃষ্ঠ থেকে ১.৫ থেকে ৩.১ কিলোমিটার উচ্চতায় একটি নিম্নচাপ অক্ষরেখাও বিস্তৃত রয়েছে।

- Advertisement -

আগামীকালের আবহাওয়া

শুক্রবার দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা কিছুটা কমতে পারে। তবে কলকাতা, হাওড়া, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া-সহ দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির জন্য বেশ কিছু জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি রয়েছে। এছাড়াও দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরেও বৃষ্টি চলতে পারে।

JANARUL KHAN
JANARUL KHANhttps://jknews24.in/
আমি জানারুল খান। গত তিন বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছি। এর মধ্যে দেড় বছরেরও বেশি সময় ধরে JKNews24-এর সঙ্গে কাজ করছি। দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ঘটনা, সাম্প্রতিক বিষয় এবং গুরুত্বপূর্ণ খবর নিয়ে চর্চা ও বিশ্লেষণ করতে আগ্রহী। নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে সহজ ও পাঠকবান্ধব ভাষায় সংবাদ তুলে ধরাই আমার কাজের অন্যতম লক্ষ্য।
Breaking News