নিজস্ব সংবাদদাতা,মালদাঃ জমি নিয়ে দীর্ঘদিনের বিবাদের জেরে রক্তাক্ত হয়ে উঠল মালদার মোথাবাড়ি। জমিতে চাষ করতে যাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে মৃত্যু হল এক ব্যক্তির। আহত হয়েছেন এসএসবি জওয়ান-সহ মোট চারজন। ঘটনাটি মোথাবাড়ি থানার হামিদপুর এলাকার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হামিদপুরের বাসিন্দা তথা এসএসবি জওয়ান শশাঙ্ক শেখর যাদবের পরিবারের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। তাঁর দাবি, তাঁদের প্রায় ৫০ বিঘা পৈতৃক জমির পাশাপাশি প্রায় ৩০০ বিঘা দেবোত্তর সম্পত্তি রয়েছে। অভিযোগ, সেই সম্পত্তির একাংশ দখল করে রেখেছে কিছু দুষ্কৃতী।
জমিতে চাষ করতে গিয়েই সংঘর্ষ, মৃত্যু এক ব্যক্তির
শশাঙ্ক যাদবের অভিযোগ, জমি দখলমুক্ত করার জন্য বিভিন্ন মহলে বারবার জানিয়েও কোনও লাভ হয়নি। রবিবার দুপুরে তিনি কয়েকজন কৃষককে সঙ্গে নিয়ে ওই জমিতে চাষ করতে যান। সেই সময়ই একদল দুষ্কৃতী তাঁদের উপর চড়াও হয় বলে অভিযোগ। শুরু হয় মারধর। এই ঘটনায় মোট চারজন আহত হন। তাঁদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে দুজনকে ভর্তি করতে হয়। সেখানে শিবচরণ মণ্ডল (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়। আহত এসএসবি জওয়ান শশাঙ্ক শেখর যাদব এবং কৃষক উজ্জ্বল মণ্ডল বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
২১ জনের বিরুদ্ধে অভিযোগ, আটক ১৩
ঘটনার খবর পেয়ে তদন্ত শুরু করেছে মোথাবাড়ি থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় মোট ২১ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। ইতিমধ্যেই ১৩ জনকে আটক করা হয়েছে। অন্যদিকে, এই ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে নাম উঠে আসা সনাতন মণ্ডল পলাতক বলে জানা গিয়েছে। জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে কীভাবে এই সংঘর্ষের ঘটনা ঘটল, কারা এর সঙ্গে জড়িত এবং ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। এলাকায় এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে।
