মালদায় বন্যায় ক্ষতিগ্রস্তদের বড় স্বস্তি, ঘর ভাঙলে মিলবে ১ লক্ষ ৮০ হাজার টাকা

সাদিকুল খান, কলকাতাঃ মালদার বন্যা ও ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার আশ্বাস দেন তিনি। বন্যা ও ভাঙনে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকদের ১ লক্ষ ৮০ হাজার টাকা এবং আংশিক ক্ষতিগ্রস্ত বাড়ির জন্য ৯০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে ক্ষতিগ্রস্তদের জন্য প্রায় ২৪২ কোটি টাকার আর্থিক সহায়তার কথা জানানো হয়েছে।

- Advertisement -

মুখ্যমন্ত্রী বলেন, ‘‘৫০ বছর ধরে যারা এই রাজ্যে শাসন করেছেন, তাঁরা মালদার এই সমস্যার সমাধান করেননি। আগের বিধায়ক ও মন্ত্রীরা আপনাদের দুঃখ-কষ্ট ও যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করেননি। আমি প্রথম দিন থেকেই যোগাযোগে ছিলাম।’’ তাঁর সফরকে কেন্দ্র করে বুধবার সন্ধ্যাতেই সভাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার-সহ প্রশাসনের পদস্থ আধিকারিকরা। জানা গিয়েছে, সভাস্থল থেকে মুখ্যমন্ত্রীর মানিকচক কলেজে যাওয়ার কথা রয়েছে। সেখানে প্রশাসনিক বৈঠকও হতে পারে বলে জানা যাচ্ছে।

ভুতনির বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্রায় এক মাসেরও বেশি সময় ধরে জলের তলায় ছিল। এর জেরে ভুতনি দিয়ারা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রেও জল ঢুকে পড়ায় পরিষেবা বন্ধ রাখতে হয়েছিল। তবে দুর্যোগের সময় স্বাস্থ্য দফতরের কর্মীরা বিভিন্ন এলাকায় পৌঁছে স্থানীয় বাসিন্দাদের চিকিৎসা পরিষেবা দিয়েছেন। মুখ্যমন্ত্রীর সফরের আগেই পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ফের চালু করা হয়েছে ভুতনি দিয়ারা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটি।

কী কী বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

  • ২৪২ কোটি টাকার ক্ষতিপূরণ দিতে মালদায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
  • মানিকচক, রতুয়া ও ইংরেজবাজারের ২৪,৫৯৫ ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ।
  • সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত পরিবারকে ১ লক্ষ ৮০ হাজার, আংশিক ক্ষতিগ্রস্তদের ৯০ হাজার টাকা।
  • পুজোর আগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য নতুন পোশাক, মশারি-সহ ত্রাণসামগ্রী
  • ২১টি ত্রাণশিবির ও রান্নাঘর চালু
  • প্রতিদিন ৮,১০০ মানুষের খাবারের ব্যবস্থা
  • সিভিল ডিফেন্স, পুলিশ ও আশা কর্মীদের যৌথ উদ্যোগের প্রশংসা মুখ্যমন্ত্রীর
  • মালদার বন্যা-ভাঙনের স্থায়ী সমাধানে IIT কানপুরকে DPR তৈরির দায়িত্ব
  • প্রয়োজনে NABARD ও ADB-র কাছ থেকেও অর্থ নেওয়া
  • মালদা-মুর্শিদাবাদের জন্য কেন্দ্রের কাছে ৩,৩০০ কোটি টাকার প্রস্তাব
  • মহালয়া ও ষষ্ঠীর আগেই মালদায় ১,২৪৮ কিলোমিটার রাস্তার গর্ত মেরামতের ঘোষণা
Sadikul Khan
Sadikul Khanhttps://jknews24.in/
আমি সাদিকুল খান। গত তিন বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছি। শিক্ষা ও রাজনীতির খবর নিয়ে চর্চা ও লেখালেখি করতে বিশেষ আগ্রহী। তবে এই দুই ক্ষেত্রের পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়েও লেখার অভিজ্ঞতা রয়েছে। পাঠকের কাছে সহজ ও তথ্যভিত্তিকভাবে খবর তুলে ধরাই আমার অন্যতম লক্ষ্য। কাজের বাইরে অবসর সময়ে রহস্য ও রোমাঞ্চধর্মী গল্পের বই পড়তে ভালোবাসি। মেল- hdmoviekey@gmail.com
Breaking News