নিজস্ব সংবাদদাতা,মালদাঃ মাদক পাচার রুখতে ফের বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। মালদার কালিয়াচকে অভিযান চালিয়ে তিন যুবককে গ্রেফতার করলেন এসটিএফ আধিকারিকরা। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ ব্রাউন সুগার। পাশাপাশি পাচারের কাজে ব্যবহৃত একটি চারচাকা গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকের পরিমাণ ২ কেজি ৬৮৮ গ্রাম। পুলিশ সূত্রে খবর, আন্তর্জাতিক বাজারে নয়, স্থানীয় বাজারমূল্য হিসেবেই উদ্ধার হওয়া মাদকের আনুমানিক দাম প্রায় ৩ কোটি টাকা।
জাতীয় সড়কে গাড়ি আটক করে গ্রেফতার তিন যুবক
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কালিয়াচকের ১২ নম্বর জাতীয় সড়কের মধুঘাট এলাকায় অভিযান চালায় এসটিএফ। সেই সময় সন্দেহজনক একটি চারচাকা গাড়ি আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় ব্রাউন সুগার। এরপরই গাড়িতে থাকা তিন যুবককে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম মাসুদ রহমান (২০), হাসিবুর শেখ (৩৭) এবং মহম্মদ নাবিউল হক (২৭)। তিনজনেরই বাড়ি কালিয়াচক থানার গয়েশবাড়ি অঞ্চলের বাখরপুর ও সুজাপুর এলাকায় বলে পুলিশ সূত্রে খবর।
ঘটনার পর ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে এসটিএফ। এই বিপুল পরিমাণ মাদক কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় পাচারের পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই পাচারচক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা জানারও চেষ্টা চলছে।
