ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রাজ্যে বিজেপির অভাবনীয় সাফল্যে জেলায় জেলায় দাপট দেখিয়েছে পদ্ম শিবির (BJP)। দুই-তৃতীয়াংশের বেশি আসনে জিতে প্রথমবার বাংলার ক্ষমতা দখল করেছে দলটি। ফলে মুহূর্তের মধ্যেই শেষ হয়েছে তৃণমূল কংগ্রেসের ১৫ বছরের শাসন। এই বড় রাজনৈতিক পালাবদলের আবহেই নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। কারণ Abhishek Banerjee-র বাড়ির সামনে থেকে নিরাপত্তারক্ষীদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে Kolkata Police।
নিরাপত্তারক্ষী প্রত্যাহার করা হল
বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে নিরাপত্তা জোরদারের লক্ষ্যে নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দিয়েছিল। আসলে রাজনৈতিক সংঘাতের আশঙ্কা করা হয়েছিল তাই এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। কিন্তু এবার ধীরে ধীরে সেই নিরাপত্তা তুলে নেওয়া হল। রিপোর্ট মোতাবেক, আজ, বুধবার সকাল সাড়ে ৬টা নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হরিশ মুখার্জি রোডের বাড়ি ‘শান্তিনিকেতন’-এর সামনে অতিরিক্ত যে সমস্ত নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছিল, আজ তাঁদের প্রত্যাহার করে নেওয়া হল। এমনকি পুলিশের যে কিয়স্ক ছিল তাও খালি করে দেওয়া হয়েছে।
মিলবে শুধু জেড প্লাস ক্যাটাগরির সুরক্ষা
সূত্রের খবর, Abhishek Banerjee-এর ক্যামাক স্ট্রিটের দফতরেও নিরাপত্তা কমানো হয়েছে—কালীঘাট রোড ও ক্যামাক স্ট্রিট—দুই জায়গাতেই সুরক্ষায় কাটছাঁট করা হয়েছে, এমনকি বাড়ির সামনে থাকা ‘সিজার্স ব্যারিকেড’ও তুলে নেওয়া হয়েছে। জানা যাচ্ছে, মঙ্গলবারই Kolkata Police সিদ্ধান্ত নিয়েছিল যে Mamata Banerjee ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য অতিরিক্ত যে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল, তা ধাপে ধাপে প্রত্যাহার করা হবে, এবং বুধবার সকাল থেকেই সেই প্রক্রিয়া শুরু হয়েছে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল, তাঁদের মূল নিরাপত্তা সম্পূর্ণ তুলে নেওয়া হয়নি—দু’জনেই আগের মতোই জেড প্লাস ক্যাটাগরির সুরক্ষা পেতে থাকবেন।
সুরক্ষা নিরাপত্তা নিয়ে বিতর্কের মাঝেই গতকাল, মঙ্গলবার, বিকেলে কালীঘাটের বাড়ি থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে স্পষ্ট জানিয়েছিলেন যে, তিনি লোক ভবনে গিয়ে ইস্তফা দেবেন না। শুধু তাই নয়, নির্বাচন কমিশনকে ‘ভিলেন’ বলে কটাক্ষ করেছেন মমতা। তাঁর দাবি, কমিশনের সাহায্যে ১০০-র বেশি আসন লুট করা হয়েছে। মমতার দাবি, কমিশনের বিরুদ্ধে তিনি রাস্তায় নামবেন। রাস্তাতেই থাকবেন এবং ঘুরে দাঁড়াবেন। মমতার এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, ডেরেক ও’ব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়েরা।
