সাদিকুল খান, কলকাতাঃ নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে বিপুল ব্যবধানে জয় পেয়েছেন বিজেপি প্রার্থীরা। অন্যদিকে, রেজিনগরে তৃণমূলের ফলাফল যথেষ্ট খারাপ হয়েছে। তবে এই ফলাফলকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “এটা কোনও ভোট হয়েছে যে ফল নিয়ে বলব? এরা ঠিক মতো ছাপ্পাও মারতে পারে না।”
ভোটের ফলাফল নিয়ে তোপ মমতার
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, রেজিনগরে বিজেপি প্রার্থী শাখারভ সরকার ৭৫ হাজার ৮১৬ ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। অন্যদিকে, বিজেপির প্রতিদ্বন্দ্বী আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী পেয়েছেন প্রায় ৫৪ হাজার ভোট। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থী রবিউল আলম চৌধুরীর ঝুলিতে এসেছে মাত্র ৩ হাজার ৮৪৭টি ভোট। নন্দীগ্রামেও বিজেপি প্রার্থী হাসিরানি রথ বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন। সেখানে মমতা শিবিরের প্রার্থী আগেই মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছিলেন। এই ফলাফল নিয়ে কটাক্ষ করার পাশাপাশি ভোটের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছেন মমতা। দিল্লি থেকেই একটি খবরের ভুল হিসাব তুলে ধরে তিনি বলেন, “৭৭২ জন ভোটার, আর ভোট পড়েছে ৯০৯। তার মানে পুলিশকে দিয়ে ছাপ্পা করালে এরকমটাই হয়।”
এদিকে তা নিয়ে আগেই বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকের উদ্দেশ্যে রওনা দেন মমতা। উপনির্বাচনের ফল নিয়ে দুপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠক করেন। মমতাকে তা নিয়ে প্রশ্ন করা হলে শুনেই বিরক্ত হয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, “আরে ছাড়ুন। মাথাটা আগে ঠিক করতে বলুন।”
নন্দীগ্রাম ও রেজিনগরে বিজেপির জয় নিয়ে আগে থেকেই আত্মবিশ্বাসী ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফলাফল ঘোষণার পর নন্দীগ্রামে বিজেপি প্রার্থী হাসিরানি রথ বিপুল ব্যবধানে জয়লাভ করেছেন। অন্যদিকে, সংখ্যালঘু ভোটের প্রভাব থাকা সত্ত্বেও রেজিনগরে বিজেপির এই বড় জয় রাজনৈতিক মহলে বিশেষ চর্চার বিষয় হয়ে উঠেছে। এই সাফল্যের পিছনে অন্নপূর্ণা যোজনার মতো সরকারি প্রকল্পের প্রভাব রয়েছে বলেই দাবি করেছেন মুখ্যমন্ত্রী। তবে দুই কেন্দ্রের ফলাফল নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে যথেষ্ট অসন্তুষ্ট।
