সাদিকুল খান, কলকাতাঃ গত ১৯ জুলাই নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে দিল্লিতে করকোচ জনতা পার্টি (CJP)-র আন্দোলনে যোগ দিতে গিয়েছিলেন আব্দুল হাফিজ। ২৭ জুলাই তিনি বাঁকুড়ার ইন্দাসের নিজের বাড়িতে ফেরেন। এরপর নিজের এলাকার করিশুন্ডা প্রাথমিক বিদ্যালয়ের অব্যবস্থা নিয়ে স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলেন তিনি। অভিযোগ, এর পরই ১৩ অগাস্ট তাঁর বাড়িতে কয়েকজন বিজেপি কর্মী চড়াও হন। আব্দুল হাফিজ ও তাঁর বাবা শেখ মহম্মদ মাফিককে মারধর করা হয় বলেও অভিযোগ ওঠে। আহত অবস্থায় দুজনকেই বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয় শেখ মহম্মদ মাফিকের। এই ঘটনায় আব্দুল হাফিজ সরাসরি বিজেপির দিকে অভিযোগের আঙুল তোলেন। এরপরই বিষয়টি ঘিরে রাজ্য রাজনীতিতে উত্তেজনা তৈরি হয়। তবে মঙ্গলবার হঠাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হাজির হন CJP নেতা।
দিল্লিতে ছাত্র আন্দোলনে যোগ দেওয়ায় বাবাকে পিটিয়ে খুনের অভিযোগের মধ্যেই মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হাজির হন CJP নেতা শেখ আব্দুল হাফিজ। বাঁকুড়ার ইন্দাসে তাঁর বাবা শেখ মহম্মদ মাফিককে মারধর করে খুন করা হয়েছে বলে অভিযোগ। পরিবারের সদস্যরা এই ঘটনায় বিজেপি-আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলা ও খুনের অভিযোগ তুলেছেন। এখনও পর্যন্ত এই ঘটনায় ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে মঙ্গলবার হঠাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে CJP নেতার উপস্থিতি ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে চর্চা শুরু হয়েছে। কেন তিনি সেখানে গিয়েছিলেন, তা নিয়ে অবশেষে মুখ খুলেছেন আব্দুল হাফিজ।
শেখ আব্দুল হাফিজ জানান, ”দিদির সঙ্গে আমার আগেও কথা হয়েছিল। আজ আমি শুধু ইন্ডিভিজুয়াল হিসেবে দেখা করতে এসেছিলাম। দিদি ডেকেছিলেন আমায়। আমাদের কেসটা কতদূর এগিয়েছে এবং আগে আইনত যা সাপোর্ট লাগবে দিদি বলেছেন আমরা পাশে আছি। আমরা সাপোর্ট করব।
আব্দুল হাফিজের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখা করার বিষয়টি নিয়ে কড়া মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেন, হাফিজের মাধ্যমে ‘আলট্রা লেফট’ ও ‘রেডিক্যাল’দের উস্কানি দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে তিনি দাবি করেন, এতে কোনও লাভ হবে না। এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দু প্রশ্ন তোলেন, ১৫ বছর মুখ্যমন্ত্রী থাকা এবং দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা থাকা একজন নেতাকে ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসে পতাকা তুলতে দেখা গিয়েছে কি না।
