সাদিকুল খান, কলকাতাঃ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং এসআইআর প্রক্রিয়ার প্রতিবাদে পথে নামার ঘোষণা করেছিল তৃণমূল কংগ্রেস। সেই মতো আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজাবাজার থেকে মিছিল শুরু হয়। তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আগাম ঘোষণা অনুযায়ী, বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে রাজাবাজারেই মিছিল আটকে দেওয়া হয়। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষও করেন শুভেন্দু অধিকারী।
মমতার মিছিল নিয়ে বিদ্রুপ মুখ্যমন্ত্রীর
গতকাল রাতে এক সংবাদমাধ্যমের সামনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছিলেন, রাজাবাজার থেকে মিছিল এক পা-ও এগোতে দেওয়া হবে না। প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে বিশৃঙ্খলা ঠেকানোর নির্দেশও দিয়েছিলেন তিনি। দুর্গাপুজোর আগে কোনওরকম অশান্তি বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। তবে সেই সতর্কবার্তা সত্ত্বেও আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মিছিলে নামে তৃণমূল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিপুল সংখ্যক বাহিনী মোতায়েন করা হয়। মিছিলে বাধা দেওয়া হলে রাজাবাজারেই ধর্নায় বসেন কুণাল ঘোষ, শোভনদেব চট্টোপাধ্যায়-সহ তৃণমূলের নেতারা।
এদিকে তার আগেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য শুভেন্দু অধিকারী পরামর্শ দিয়েছিলেন যে, “মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করব, এগুলো না করাই ভালো। পুলিশকে বলব, যেখানে মিছিল শুরু হবে সেখানেই যেন শেষ করে দেয়।” এমনকি শুভেন্দু আরও বলেন, “ওনাকে পরামর্শ দেব, অনুরোধ করব, বয়সে বড়, এগুলো না করাই ভালো। আর কেনই বা রাজাবাজার থেকে পার্ক সার্কাস এলাকা বেছে নিলেন?”
প্রসঙ্গত, গত ১০ অক্টোবর দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে অংশ নিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মিছিল থেকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী-সহ বিরোধী নেতাদের আটক করে দিল্লি পুলিশ। পুলিশের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ এবং মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে মঙ্গলবার কলকাতায় মিছিলের ডাক দেয় কালীঘাট তৃণমূল। তবে শুরু থেকেই মিছিলের অনুমতি দেয়নি রাজ্য প্রশাসন। তা সত্ত্বেও তৃতীয়ার দিন দুপুর ২টো নাগাদ রাজাবাজারে জমায়েত হন তৃণমূল কর্মী-সমর্থকরা। কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আগাম হুঁশিয়ারি অনুযায়ী, রাজাবাজারেই মিছিল আটকে দেয় প্রশাসন।
