মাঝরাতে তিস্তার বুকে ভয়াবহ ধস! বাড়ছে জলস্তর, সমতলেও জারি সতর্কতা

-

সাদিকুল খান, কলকাতাঃ মাঝরাতে পাহাড় ভেঙে ধস নামল তিস্তার বুকে, ফের বড়সড় বিপর্যয়ের আশঙ্কা উত্তর সিকিমে। ভূমিধসের জেরে তিস্তার জলস্তর বাড়তে থাকায় উদ্বেগ ছড়িয়েছে নদীপাড়ের এলাকাগুলিতে। পরিস্থিতির কথা মাথায় রেখে সমতলেও সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি, উত্তর সিকিমের ডিকচু ড্যাম থেকে জল ছাড়া হচ্ছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই তিস্তা নদীর জল কয়েকটি এলাকায় বিপদসীমার কাছাকাছি দিয়ে বইছে। সূত্রের খবর, তিস্তাপারের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার আবেদন জানিয়েছে প্রশাসন। জলপাইগুড়ির গজলডোবা ও তিস্তা সেতু সংলগ্ন এলাকাগুলিতে মাইকিং করে বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে।

আরও পড়ুন: ১০০ বছরের ব্যবসায় বড় ধাক্কা! টাটাকে কেনিয়া ছাড়ার নির্দেশ রাষ্ট্রপতির

- Advertisement -

সূত্রের খবর, তিস্তা ও ছিয়াকুং নদীর সঙ্গমস্থলে ওই বিধ্বংসী ভূমিধস নামে। এর জেরে দুই নদীর গতিপথ কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে এবং চ্যাকুং ও তিস্তা নদীতে জল জমতে শুরু করে। তিস্তার জলের রংও ঘোলাটে হয়ে গিয়েছে। পরিস্থিতির দিকে নজর রেখে ইতিমধ্যেই নজরদারি বাড়িয়েছে সিকিম সরকার। ফের ভারী বৃষ্টি হলে তিস্তায় জলস্ফীতি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই উত্তর সিকিম থেকে কালিম্পংয়ের তিস্তাবাজার পর্যন্ত তিস্তাপারের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নদীতে মাছ ধরতেও নিষেধ করা হয়েছে। তিস্তার জলপ্রবাহ আপাতত শুরু হলেও হড়পা বানের আশঙ্কায় সতর্ক থাকতে বলা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সিকিম পুলিশের পক্ষ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে। তিস্তাবাজার থেকে সেবক পর্যন্ত এলাকায় সতর্কতা জারি রয়েছে। একইসঙ্গে জলপাইগুড়ির গজলডোবাসহ তিস্তাপারের বিভিন্ন এলাকাতেও বাসিন্দাদের সতর্ক করা হয়েছে।

আরও পড়ুনঃ ‘রাম’ নামেই আর বিক্রি করা যাবে না? FSSAI-এর আপত্তিতে আইনি জটিলতা

- Advertisement -

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ৫ সেপ্টেম্বর গভীর রাত থেকে ৬ সেপ্টেম্বর ভোরের মধ্যে ছিয়াকুং নদীর উচ্চ অববাহিকায় এই ধস নামে। নাগা ফরেস্ট এলাকায় সদ্য নির্মিত নাগা তোসা সড়কের একটি বড় অংশ আচমকাই ভেঙে পড়ে। ঠিক থেং টানেলের উল্টোদিকে তিস্তা ও ছিয়াকুং নদীর মিলনস্থলে বিপুল পরিমাণ ধ্বংসাবশেষ জমা হওয়ায় নদীর গতিপথ আংশিকভাবে অবরুদ্ধ হয়ে যায়। আচমকা জলপ্রবাহ থমকে যাওয়ায় স্বাভাবিকভাবেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

JANARUL KHAN
JANARUL KHANhttps://jknews24.in/
আমি জানারুল খান। গত তিন বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছি। এর মধ্যে দেড় বছরেরও বেশি সময় ধরে JKNews24-এর সঙ্গে কাজ করছি। দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ঘটনা, সাম্প্রতিক বিষয় এবং গুরুত্বপূর্ণ খবর নিয়ে চর্চা ও বিশ্লেষণ করতে আগ্রহী। নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে সহজ ও পাঠকবান্ধব ভাষায় সংবাদ তুলে ধরাই আমার কাজের অন্যতম লক্ষ্য।
Breaking News