কোনও ভাঙাচোরা পাত্র নয়, কোনও ক্ষয়ে যাওয়া ঘড়াও নয়। যেন সময়ের স্তরে স্তরে সযত্নে লুকিয়ে রাখা ছিল এক অমূল্য গুপ্তধন, ঠিক একদিন মানুষের নজরে আসার অপেক্ষায়। প্রায় ১ হাজার ৭০০ বছর পুরনো এই স্বর্ণমুদ্রার ভাণ্ডার এত দীর্ঘ সময় পেরিয়েও আশ্চর্যভাবে প্রায় অক্ষত অবস্থায় রয়ে গেছে। এর মধ্যে পৃথিবী বদলেছে, পাল্টেছে সভ্যতা আর আবহাওয়া, তবুও ইতিহাসের এই সোনালি নিদর্শন যেন নিজের অস্তিত্ব আগলে রেখে টিকে ছিল যুগের পর যুগ।
রোমান সাম্রাজ্যের প্রায় শেষ পর্বের সময়কার এক অসাধারণ ঐতিহাসিক নিদর্শন এবার নতুন করে চর্চায়। ইউরোপের লুক্সেমবার্গের হোজথাম (Holtzthum) এলাকায় মাটির নীচে সযত্নে লুকিয়ে রাখা ছিল রোমান যুগের স্বর্ণমুদ্রার এক বিশাল ভাণ্ডার। বিশেষজ্ঞদের নতুন গবেষণায় জানা গিয়েছে, সেখান থেকে উদ্ধার হয়েছে মোট ১৪১টি রোমান স্বর্ণমুদ্রা। এই আবিষ্কারকে শুধু মূল্যবান প্রত্নতাত্ত্বিক প্রাপ্তি নয়, বরং রোমান ইতিহাসের গুরুত্বপূর্ণ এক অধ্যায় হিসেবেই দেখছেন ঐতিহাসিকরা।
এই স্বর্ণমুদ্রাগুলি এমন এক সময়ের, যখন রোমান সাম্রাজ্যে ঘন ঘন সম্রাট বদলাচ্ছিল, রাজনৈতিক পরিস্থিতিও ছিল অত্যন্ত অস্থির, আর প্রশাসনিক স্থায়িত্ব প্রায় অনিশ্চিত হয়ে উঠেছিল। ঠিক এমন অশান্ত সময়ে কেন এই বিপুল স্বর্ণমুদ্রা ওই স্থানে লুকিয়ে রাখা হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়। বিশেষজ্ঞদের ধারণা, ভবিষ্যতের নিরাপত্তার কথা ভেবেই হয়তো সেই সময় কেউ এগুলো সযত্নে মাটির নীচে গচ্ছিত রেখেছিল। তবে প্রত্নতাত্ত্বিকরা আরও একটি গুরুত্বপূর্ণ দিক সামনে এনেছেন—এই মুদ্রাগুলির অবস্থান, সংরক্ষণ পদ্ধতি এবং সময়কাল বিশ্লেষণ করে সেই যুগের সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কেও নতুন তথ্য মিলতে পারে।
তাঁরা জানাচ্ছেন, লুক্সেমবার্গে রোমান যুগের এমন মুদ্রা এভাবে ঘড়া ভর্তি করে পাওয়া যায়না। বিচ্ছিন্নভাবে কয়েকটি পাওয়া যায়। তাই এভাবে একসঙ্গে এক জায়গায় এমন প্রচুর স্বর্ণমুদ্রা এত যত্নে রক্ষিত অবস্থায় পাওয়াটা তাঁদের জন্য বাড়তি উন্মাদনার সৃষ্টি করেছে।
