মেঘনায় আড়াই কেজির বিশাল ইলিশ! ৮৬০০ টাকায় বিক্রি, পশ্চিমবঙ্গেও বাড়ছে আশা

-

সাদিকুল খান, কলকাতাঃ ভরা বর্ষায় উত্তাল হয়ে উঠেছে সমুদ্র, তবুও ভালো মাছের আশায় প্রাণের ঝুঁকি নিয়ে নৌকা নিয়ে সমুদ্রে পাড়ি দিচ্ছেন মৎস্যজীবীরা। কারও জালে মিলছে সাফল্য, আবার কেউ ফিরছেন হতাশ হয়ে। বর্ষাকাল মানেই ইলিশের মরসুম, তাই বড় ইলিশের আশায় সমুদ্রে জাল ফেলছেন মৎস্যজীবীরা (Hilsa Fish)। আর এবার এক মৎস্যজীবীর জালে ধরা পড়েছে পেল্লাই আকারের একটি ইলিশ। শুধু আকারেই নয়, ওজনেও নজর কেড়েছে মাছটি। পরে সেই বিশাল ইলিশটি হাজার হাজার টাকায় বিক্রি হয়েছে বলে জানা গিয়েছে।

মৎস্যজীবীর জালে উঠল পেল্লাই সাইজের মাছ (Hilsa Fish)

জানা গিয়েছে, বাংলাদেশের মেঘনা নদী থেকে ধরা পড়েছে বিশাল আকারের একটি ইলিশ, যার ওজন প্রায় আড়াই কেজি। বুধবার রাতে ভোলার মনপুরার মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়ে এই বড় ইলিশটি। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আক্তার সাবু মাঝি নামে এক জেলে মাছটি নিয়ে আসেন ঢালচর মাছ ঘাটে। বড় আকৃতির ইলিশ নদীতে ধরা পড়া নতুন ঘটনা নয়, তবে চলতি মরসুমে এটিই এখনও পর্যন্ত অন্যতম বড় ইলিশ বলে জানা যাচ্ছে। মাছটি ঘাটে পৌঁছতেই সেটিকে দেখতে ভিড় জমে যায়। পরে নিলামে তোলা হলে মাছটির দামও দ্রুত বাড়তে থাকে এবং শেষ পর্যন্ত কয়েক হাজার টাকায় বিক্রি হয়।

- Advertisement -

শেষ পর্যন্ত বাংলাদেশি মুদ্রায় ৮ হাজার ৬০০ টাকায় বিশাল ইলিশটি কিনে নেন স্থানীয় ব্যবসায়ী শরিফ বেপারী। আরও লাভের আশায় মাছটি এরপর ঢাকার বাজারে পাঠানো হবে বলে জানা গিয়েছে। সেখানে এই বড় মাপের ইলিশের দাম আরও বাড়তে পারে বলে আশা করছেন ব্যবসায়ীরা। আড়তদার মোমেন তালুকদার জানান, এই ঘাট থেকে এর আগেও বহু বড় ইলিশ বিক্রি হয়েছে। তবে প্রায় আড়াই কেজি ওজনের এত বড় ইলিশ এবারই প্রথম জালে উঠেছে বলে দাবি তাঁর। অন্যদিকে, বড় আকারের ইলিশ ধরা পড়াকে ইতিবাচক ইঙ্গিত হিসেবেই দেখছেন জেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোসেন। তাঁর মতে, ইলিশটির বয়স আনুমানিক দুই থেকে আড়াই বছর। বর্তমানে ইলিশের ডিম দেওয়ার মরসুম চলছে এবং এই সময় নদীপথে বড় ইলিশের আগমন মৎস্যজীবীদের জন্য আশাব্যঞ্জক বলেই মনে করছেন তিনি।

পশ্চিমবঙ্গে কবে আসছে পদ্মার ইলিশ?

অন্যদিকে, পশ্চিমবঙ্গের বাজারে এবারে ভালো মানের ইলিশের জোগান তুলনামূলক কম বলে অভিযোগ করছেন ক্রেতারা। অন্যান্য বছর এই সময়ে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ ইলিশ পশ্চিমবঙ্গের বাজারে আসার খবর পাওয়া যায়। তবে চলতি মরসুমে এখনও সেইভাবে বাংলাদেশি ইলিশের আমদানি নিয়ে খবর সামনে আসেনি। ফলে ভালো মানের ইলিশের জন্য অপেক্ষায় রয়েছেন এপার বাংলার মাছপ্রেমীরা। যদিও বাংলাদেশের নদীপথে বড় ও উন্নত মানের ইলিশের আগমন বাড়তে থাকলে আগামী দিনে পশ্চিমবঙ্গের বাজারেও তার প্রভাব পড়তে পারে বলে আশা করা হচ্ছে।

- Advertisement -

প্রশ্ন জাগতে পারে, এখানকার বাজারে এখন যে ইলিশ মাছ বিক্রি হচ্ছে, সেগুলো কোথাকার? দোকানদার বলছেন বটে বাংলাদেশের ইলিশ, কিন্তু সত্যি কি তাই? অনেকের ধারণা এখন বাজারে বিক্রি হচ্ছে হিম ঘর থেকে বের করে আনা মাছ, কিংবা এদেশীয় নদীর মাছ। তবে আশা করাই যায়, আগামী দিনে এখানকার বাজারেও চলে আসতে পারে পদ্মার টাটকা ইলিশ।

JANARUL KHAN
JANARUL KHANhttps://jknews24.in/
আমি জানারুল খান। গত তিন বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছি। এর মধ্যে দেড় বছরেরও বেশি সময় ধরে JKNews24-এর সঙ্গে কাজ করছি। দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ঘটনা, সাম্প্রতিক বিষয় এবং গুরুত্বপূর্ণ খবর নিয়ে চর্চা ও বিশ্লেষণ করতে আগ্রহী। নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে সহজ ও পাঠকবান্ধব ভাষায় সংবাদ তুলে ধরাই আমার কাজের অন্যতম লক্ষ্য।
Breaking News