সেলফি তোলার সময় সবারই ইচ্ছে থাকে ছবিতে নিজেকে আরও সুন্দর ও আকর্ষণীয় দেখানোর। কিন্তু অনেক সময় দেখা যায়, ক্যামেরা একটু কাছে থাকলেই মুখের গঠন অদ্ভুত লাগছে—নাক বড় দেখাচ্ছে, আবার চিবুক বা মুখের পাশের অংশ যেন কিছুটা পিছিয়ে যাচ্ছে। আসলে এর পেছনে রয়েছে মোবাইল ক্যামেরার লেন্সের বিশেষ প্রভাব। ক্যামেরা ও মুখের মধ্যে দূরত্ব কমে গেলে লেন্সের কারণে মুখের কাছের অংশগুলো তুলনামূলক বড় এবং দূরের অংশগুলো ছোট দেখায়। তাই সেলফিতে মুখের স্বাভাবিক গঠন বদলে যাওয়ার মতো মনে হয়। সঠিক দূরত্ব ও ক্যামেরার অ্যাঙ্গেল ব্যবহার করলে এই সমস্য অনেকটাই কমানো সম্ভব।
কী ভাবে সেলফি তুললে সুন্দর হবে?
সুন্দর ও স্বাভাবিক সেলফি তুলতে চাইলে ফোনটি মুখ থেকে অন্তত ২ থেকে ২.৫ ফুট (প্রায় ৩০ থেকে ৩৬ ইঞ্চি) দূরে রাখাই ভালো। সহজভাবে বললে, হাত যতটা সম্ভব সামনে বাড়িয়ে ফোন ধরে ছবি তুললে মুখের গঠন অনেক বেশি স্বাভাবিক দেখাবে। এর কারণ, বেশিরভাগ স্মার্টফোনের সামনের ক্যামেরায় ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স ব্যবহার করা হয়। খুব কাছ থেকে ছবি তুললে এই লেন্স মুখের মাঝের অংশ, বিশেষ করে নাককে তুলনামূলক বড় করে দেখায় এবং মুখের বাকি অংশের অনুপাত কিছুটা বদলে দেয়। এই সমস্যাকেই প্রযুক্তির ভাষায় বলা হয় ‘লেন্স ডিস্টরশন’।
সেলফি সুন্দর করার ক্ষেত্রে আলোর ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রাকৃতিক সূর্যের আলোতেই সাধারণত সবচেয়ে ভালো ফল পাওয়া যায়। ছবি তোলার সময় চেষ্টা করুন যেন আপনার মুখ আলোর দিকে থাকে, আলোর বিপরীত দিকে নয়। তবে সরাসরি তীব্র রোদের মধ্যে দাঁড়ালে মুখে অতিরিক্ত ছায়া পড়তে পারে, তাই সকাল বা বিকেলের নরম সোনালি আলো (Golden Hour) অথবা জানালার কাছাকাছি দাঁড়িয়ে ছবি তুললে মুখে আলো আরও সুন্দরভাবে ছড়িয়ে পড়ে। অন্যদিকে, ফোনের ফ্রন্ট ফ্ল্যাশ ব্যবহার করলে অনেক সময় মুখ অতিরিক্ত উজ্জ্বল বা স্বাভাবিকের তুলনায় ফ্ল্যাট দেখাতে পারে। তাই প্রাকৃতিক আলো ব্যবহার করাই সেরা উপায়।
