দুর্গাপুরে মোবাইল টাওয়ার বসানোর নামে প্রতারণা, গ্রেফতার ৭ জন

সাদিকুল খান, কলকাতাঃ বাড়িতে মোবাইল টাওয়ার বসানোর নাম করে আর্থিক প্রতারণার অভিযোগ উঠল দুর্গাপুরে (Durgapur)। একটি ভাড়া বাড়িতে অফিস খুলে দীর্ঘদিন ধরে এই প্রতারণার কারবার চালানোর অভিযোগ উঠেছে বিহারের একটি দলের বিরুদ্ধে। গোপন সূত্রে খবর পেয়ে ওই বাড়িতে অভিযান চালায় দুর্গাপুর থানার পুলিশ। ঘটনায় তিন যুবতী-সহ মোট সাতজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে উদ্ধার হয়েছে একাধিক নকল পরিচয়পত্র, সিম কার্ড, মোবাইল ফোন, ল্যাপটপ, ল্যান ফোন-সহ বিভিন্ন ইলেকট্রনিক্স সামগ্রী।

- Advertisement -

টাওয়ার বসানোর নামে চলত সাইবার প্রতারণা

দুর্গাপুরের বেনাচিতিতে একটি ভাড়া বাড়িতে অফিস খুলে মোবাইল টাওয়ার বসানোর নামে সাইবার প্রতারণা চালানোর অভিযোগ উঠেছে বিহারের একটি দলের বিরুদ্ধে। প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, বাড়ি বা জমিতে মোবাইল টাওয়ার বসালে মোটা টাকা দেওয়া হবে বলে প্রলোভন দেখানো হত মালিকদের। সেই প্রস্তাবে রাজি হলে বিভিন্ন অজুহাতে তাঁদের কাছ থেকে ওটিপি চাওয়া হত বলে অভিযোগ। এরপর ওই ওটিপি ব্যবহার করে সাধারণ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়া হত বলে জানা গিয়েছে। এই প্রতারণার কারবারে রাজ্যের বিভিন্ন জেলার যুবক-যুবতীরাও যুক্ত ছিল বলে অভিযোগ উঠেছে। তবে গোটা চক্র কীভাবে কাজ করত এবং এর সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।

গ্রেফতার ৭ জন

দুর্গাপুরের বহু মানুষের সঙ্গে এই চক্র প্রতারণা করেছে বলে জানা গিয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে ঘটনার তদন্তে নামে পুলিশ। এরপর রাজ্য পুলিশের সাইবার বিভাগের সহযোগিতায় দুর্গাপুরের এ-জোন ফাঁড়ির পুলিশকে সঙ্গে নিয়ে ওই ভাড়া বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকেই তিন যুবতী-সহ মোট সাতজনকে গ্রেফতার করা হয়। অভিযানে উদ্ধার হয়েছে একাধিক নকল পরিচয়পত্র, সিম কার্ড, মোবাইল ফোন, ল্যাপটপ, ল্যান ফোন-সহ বিভিন্ন ইলেকট্রনিক্স সামগ্রী। অভিযোগ, ওই বাড়িতে বসেই দেশের বিভিন্ন প্রান্তে ফোন করে প্রতারণার জাল ছড়াত অভিযুক্তরা। আর সেই ফাঁদে পা দিয়েই বহু মানুষ লক্ষ লক্ষ টাকা খুইয়েছেন বলে জানা যাচ্ছে।

- Advertisement -

গ্রেফতারি প্রসঙ্গে, আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার (পূর্ব) রাসপ্রিত সিং জানিয়েছেন, “আমাদের কাছে খবর ছিল, এই প্রতারকরা এখানে বসেই এই কাজ করছে। আমাদের বিশেষ দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে।” তবে তদন্ত শেষ হয়নি, এই চক্রের মাথা কে বা কারা? কোথা থেকে অপারেট করা হত সব দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Sadikul Khan
Sadikul Khanhttps://jknews24.in/
আমি সাদিকুল খান। গত তিন বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছি। শিক্ষা ও রাজনীতির খবর নিয়ে চর্চা ও লেখালেখি করতে বিশেষ আগ্রহী। তবে এই দুই ক্ষেত্রের পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়েও লেখার অভিজ্ঞতা রয়েছে। পাঠকের কাছে সহজ ও তথ্যভিত্তিকভাবে খবর তুলে ধরাই আমার অন্যতম লক্ষ্য। কাজের বাইরে অবসর সময়ে রহস্য ও রোমাঞ্চধর্মী গল্পের বই পড়তে ভালোবাসি। মেল- hdmoviekey@gmail.com
Breaking News