মোচা মেশানো কষা মাংস! বাঙালির কাছে অদ্ভুত হলেও স্বাদে দুর্দান্ত এই রান্না

-

মুরগির মাংস আর মোচা—শুনতে হয়তো একটু অদ্ভুত লাগতে পারে, কিন্তু এই দুই উপকরণের মেলবন্ধনেই তৈরি হয় উত্তর-পূর্ব ভারতের, বিশেষ করে অসমের একটি জনপ্রিয় ঐতিহ্যবাহী পদ। সম্প্রতি এই বিশেষ রেসিপিটি শিখিয়েছেন জনপ্রিয় রন্ধনশিল্পী সঞ্জীব কাপুর। কুচি করে কাটা মোচা, সুগন্ধি মশলা এবং মুরগির মাংস একসঙ্গে ধীরে ধীরে রান্না করা হয়, যার ফলে তৈরি হয় একেবারে ভিন্ন স্বাদের একটি পদ। গরম ভাতের সঙ্গে এই রান্না অসমে বেশ জনপ্রিয়। বাড়িতে নতুন স্বাদের কোনও রেসিপি ট্রাই করতে চাইলে আপনিও একবার এই অভিনব চিকেন-মোচার পদ বানিয়ে দেখতে পারেন।

মোচা দিয়ে মুরগির মাংস রান্নার উপকরণ

  • মুরগির মাংস – ৭৫০ গ্রাম (প্রায় ২ ইঞ্চি আকারে কাটা)
  • মোচা – ১টি মাঝারি
  • হলুদ গুঁড়ো – আধ চা-চামচ
  • সর্ষের তেল – ২-৩ টেবিলচামচ
  • সবুজ এলাচ – ৪-৫টি
  • লবঙ্গ – ২-৩টি
  • দারচিনি – ১ ইঞ্চি
  • তেজপাতা – ১টি
  • পেঁয়াজ কুচি – ২টি মাঝারি
  • শুকনো লঙ্কা – ২টি
  • আদা-রসুন বাটা – ২ টেবিলচামচ
  • জিরে গুঁড়ো – ১ চা-চামচ
  • ধনে গুঁড়ো – ২ চা-চামচ
  • গরম মশলা গুঁড়ো – ১ চা-চামচ
  • ধনেপাতার ডাঁটি কুচি – পরিমাণমতো
  • নুন – স্বাদমতো
আরও পড়ুন: মাঝরাতে বারবার প্রস্রাব? শুধু জল বেশি খাওয়া নয়, থাকতে পারে এই রোগও

মোচা দিয়ে মুরগির মাংস তৈরির প্রণালী

ধাপ ১: প্রথমে মোচা ভালো করে পরিষ্কার করে কুচি করে নিন। এরপর একটি বড় পাত্রে জল নিয়ে তাতে সামান্য নুন ও এক চিমটে হলুদ গুঁড়ো মিশিয়ে সেই জলে কুচি করা মোচা ১৫-২০ মিনিট ভিজিয়ে রাখুন। এতে মোচার কষ অনেকটাই কমে যাবে।

- Advertisement -

ধাপ ২: এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে এলাচ, তেজপাতা, দারচিনি ও লবঙ্গ ফোড়ন দিন। সুগন্ধ বেরোতে শুরু করলে পেঁয়াজ কুচি ও শুকনো লঙ্কা দিয়ে মাঝারি আঁচে ভেজে নিন, যতক্ষণ না পেঁয়াজ হালকা সোনালি রঙ ধারণ করছে।

ধাপ ৩: এবার আদা-রসুন বাটা দিয়ে ২ মিনিট ভালোভাবে কষিয়ে নিন। তারপর মুরগির মাংস দিয়ে আঁচ বাড়িয়ে প্রায় ৫ মিনিট নেড়ে ভেজে নিন, যাতে মাংসের রং বদলাতে শুরু করে।

- Advertisement -

ধাপ ৪: এরপর বাকি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ও গরম মশলা গুঁড়ো দিয়ে ভালোভাবে কষাতে থাকুন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে ভিজিয়ে রাখা মোচা ভালোভাবে চিপে জল ঝরিয়ে কড়াইয়ে দিয়ে দিন।

- Advertisement -

ধাপ ৫: এবার স্বাদমতো নুন ও আধ কাপ গরম জল মিশিয়ে কড়াই ঢেকে মাঝারি আঁচে প্রায় ১৫ মিনিট রান্না করুন। খেয়াল রাখবেন, এই রান্নাটি খুব বেশি ঝোলযুক্ত হবে না। মাখা-মাখা অবস্থায় এলে গ্যাস বন্ধ করে উপর থেকে ধনেপাতার ডাঁটি কুচি ছড়িয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

🔔 সর্বশেষ খবর সবার আগে পেতে যুক্ত হন

ব্রেকিং নিউজ, চাকরির খবর, টেক আপডেট ও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের WhatsAppTelegram চ্যানেলে এখনই যুক্ত হন।

Breaking News