‘তুমি একটা জঙ্গি, এখানে কেন এসেছো?’ আমেরিকায় বিক্ষোভের মুখে মহম্মদ ইউনূস

সাদিকুল খান, কলকাতাঃ বাংলাদেশের তৎকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূসকে (Muhammad Yunus) ঘিরে এবার আমেরিকায় তৈরি হল বিতর্ক। নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী বাংলাদেশিদের একাংশের বিক্ষোভের মুখে পড়তে হয়েছে তাঁকে। বিক্ষোভকারীদের কেউ কেউ তাঁর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং জঙ্গি তকমাও দেন বলে দাবি করা হয়েছে। বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা, দুর্নীতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অন্তর্বর্তী সরকারের ভূমিকার সমালোচনা করেই এই প্রতিবাদ বলে জানা গিয়েছে।

- Advertisement -

আমেরিকায় বিক্ষোভের মুখে মহম্মদ ইউনূস

গতকাল সোমবার কাতার এয়ারওয়েজের একটি বিমানে দোহা থেকে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছন বাংলাদেশের তৎকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস। বিমানবন্দরে তাঁকে হুইলচেয়ারে করে নিয়ে যেতে দেখা যায়। সেই সময় সেখানে উপস্থিত প্রবাসী বাংলাদেশিদের একাংশ তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানবন্দরের ৮ নম্বর টার্মিনালে পৌঁছনোর পর কয়েকজন বিক্ষোভকারী তাঁকে লক্ষ্য করে ‘জঙ্গি’ বলে স্লোগান দেন। তাঁদের মধ্যে একজনকে ইউনূসের উদ্দেশে বলতে শোনা যায়, “তুমি একজন জঙ্গি। তুমি আমার দেশের হাজার হাজার মানুষকে হত্যা করেছ। আমার দেশের গণতন্ত্র ধ্বংস করেছ। তুমি এখানে কেন এসেছ?” ভিডিওতে আরও দেখা যায়, বিক্ষোভকারীরা তাঁকে ঘিরে ধরে ক্ষোভ প্রকাশ করার পর হুইলচেয়ার ঘুরিয়ে তাঁকে অন্য পথে নিয়ে যাওয়া হয়।

শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের শাসন শুরু হলে সেখানে বারবার অত্যাচার সহ্য করতে হয়েছে হিন্দুদের। খুন, রাহাজানি থেকে শুরু করে সমস্ত রকমের অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য বারবার শিরোনামে এসেছিল বাংলাদেশ। এমনকি ইউনূসের বিরুদ্ধেও রয়েছে একাধিক দুর্নীতির অভিযোগ। ঠিক সে কারণেই বাংলাদেশের প্রাক্তন প্রধান উপদেষ্টার বিরুদ্ধে সরাসরি ক্ষোভ উগরে দিলেন আমেরিকায় বসবাসকারী বাংলাদেশিরা। যদিও তাঁদের নাম, পরিচয় কিছুই জানা যায়নি।

Sadikul Khan
Sadikul Khanhttps://jknews24.in/
আমি সাদিকুল খান। গত তিন বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছি। শিক্ষা ও রাজনীতির খবর নিয়ে চর্চা ও লেখালেখি করতে বিশেষ আগ্রহী। তবে এই দুই ক্ষেত্রের পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়েও লেখার অভিজ্ঞতা রয়েছে। পাঠকের কাছে সহজ ও তথ্যভিত্তিকভাবে খবর তুলে ধরাই আমার অন্যতম লক্ষ্য। কাজের বাইরে অবসর সময়ে রহস্য ও রোমাঞ্চধর্মী গল্পের বই পড়তে ভালোবাসি। মেল- hdmoviekey@gmail.com
Breaking News