বাবরের নামে মসজিদ নয়! মুখ্যমন্ত্রীর আপত্তিতে সুর বদল হুমায়ুন কবীরের

সাদিকুল খান, কলকাতাঃ মুর্শিদাবাদে বাবরের নামে বাবরি মসজিদ তৈরি হবে কি না, তা নিয়ে চলা বিতর্কে এবার নতুন ইঙ্গিত দিলেন আমজনতা উন্নয়ন পার্টির নেতা তথা নওদার বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাবরের নামে মসজিদ তৈরিতে আপত্তি জানাতেই এবার নিজের অবস্থান কিছুটা বদলের ইঙ্গিত দিয়েছেন তিনি। হুমায়ুনের বক্তব্য, আগে মসজিদ তৈরি হোক, তারপর নামকরণ নিয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে। মুখ্যমন্ত্রী যদি বাবরের নাম নিয়ে আপত্তি তোলেন, তাহলে অন্য নামও ভাবা হতে পারে বলে জানিয়েছেন তিনি।

- Advertisement -

বাবরি মসজিদের নামকরণ নিয়ে কী বললেন হুমায়ুন?

দীর্ঘদিন ধরেই মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণের পরিকল্পনা ঘিরে রাজনৈতিক বিতর্ক চলছে। এই প্রকল্পের জন্য কোটি কোটি টাকা সংগ্রহের অভিযোগও তুলেছেন বিরোধীরা। এর মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, বাংলায় বাবরের নামে কোনও মসজিদ তৈরি করতে দেওয়া হবে না। অন্যদিকে, দিন দুয়েক আগে শিলিগুড়িতে ‘গণতন্ত্র বাঁচাও’ কর্মসূচিতে যোগ দিয়ে বালুরঘাটের বিধায়ক সুকান্ত মজুমদারও হুমায়ুন কবীরকে কটাক্ষ করেছিলেন। তিনি বলেছিলেন, ‘বাবার নামে মসজিদ বানান।’ সব মিলিয়ে মসজিদের নামকরণ নিয়ে রাজনৈতিক তরজা ক্রমশ বাড়ছিল।

মুখ্যমন্ত্রীর আপত্তি মেনে অন্য নামের ইঙ্গিত

বৃহস্পতিবার সকালে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে হুমায়ুন কবীর বলেন, আগে মসজিদ তৈরি হতে দেওয়া হোক, তারপর নামকরণ নিয়ে আলোচনা হবে। তাঁর কথায়, “মুখ্যমন্ত্রীর কথাই আমি মেনে নিলাম। মুখ্যমন্ত্রী বলেছেন, বাবরের নামে কিছু করতে দেবেন না। ঠিক আছে। ইট গাঁথা হচ্ছে। পাথর, বালি, সিমেন্ট, রড—ওখানে তো আর বাবরের নাম লেখা নেই। একটা বিল্ডিং হোক, তারপরে নাম যখন ঘোষণা হবে, উদ্বোধনের দিন সেটা কী নাম হবে, সেটা তো মুখ্যমন্ত্রীর বলার অধিকার আছে। যেহেতু তিনি আমাদের রাজ্যের সাংবিধানিক অর্থাৎ সর্বোচ্চ পদে আসীন আছেন। তিনি যদি কোনও মতামত দেন, তখন ভেবে দেখব।”

- Advertisement -

প্রসঙ্গত, এর আগে নবান্নে সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাবরের নামে মসজিদ তৈরির বিরোধিতা করেছিলেন। তিনি জানিয়েছিলেন, বাবরের নামে কোনও নির্মাণের ক্ষেত্রে প্রশাসনের অনুমতি পাওয়া যাবে না। পাশাপাশি রাস্তা অবরোধ না করারও সতর্কবার্তা দিয়েছিলেন তিনি। এবার সেই আপত্তির পরিপ্রেক্ষিতে হুমায়ুন কবীরের অন্য নামকরণের ইঙ্গিত ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে। তবে শেষ পর্যন্ত মসজিদের কী নাম রাখা হবে, তা এখনও স্পষ্ট নয়।

Sadikul Khan
Sadikul Khanhttps://jknews24.in/
আমি সাদিকুল খান। গত তিন বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছি। শিক্ষা ও রাজনীতির খবর নিয়ে চর্চা ও লেখালেখি করতে বিশেষ আগ্রহী। তবে এই দুই ক্ষেত্রের পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়েও লেখার অভিজ্ঞতা রয়েছে। পাঠকের কাছে সহজ ও তথ্যভিত্তিকভাবে খবর তুলে ধরাই আমার অন্যতম লক্ষ্য। কাজের বাইরে অবসর সময়ে রহস্য ও রোমাঞ্চধর্মী গল্পের বই পড়তে ভালোবাসি। মেল- hdmoviekey@gmail.com
Breaking News