মাশরুম এমন একটি খাবার, যেখানে স্বাদ এবং স্বাস্থ্যের দারুণ মেলবন্ধন রয়েছে। বর্তমানে বাঙালির রান্নাঘরেও মাশরুমের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। এতে থাকা দ্রবণীয় ফাইবার শরীরের খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে এবং হৃদযন্ত্রকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তবে মাশরুম রান্নার আগে সঠিকভাবে পরিষ্কার করা খুবই জরুরি। ভুল পদ্ধতিতে মাশরুম ধুলে এর স্বাভাবিক স্বাদ, গন্ধ ও টেক্সচার নষ্ট হয়ে যেতে পারে। তাই আজকের প্রতিবেদনে রইল বাড়িতে মাশরুম ধোয়ার সঠিক পদ্ধতি, যাতে রান্নার পরেও বজায় থাকে এর আসল স্বাদ ও পুষ্টিগুণ।
আরও পড়ুন: ভাপা নয়, এবার বানান কাসনপোড়া ইলিশের ঝোল, গরম ভাতের সঙ্গে জমে যাবে
মাশরুম রান্নার আগে কীভাবে পরিষ্কার করবেন?
মাশরুম পরিষ্কার করার সময় অনেকেই সরাসরি জলে ধুয়ে নেন, তবে বিশেষজ্ঞদের মতে এতে মাশরুমের স্বাদ ও গুণমান কিছুটা নষ্ট হতে পারে। মাশরুম এক ধরনের ছত্রাক হওয়ায় এর গায়ে থাকা তন্তু সহজেই জল শোষণ করে নেয়। ফলে বেশি জল শুষে নিলে এর স্বাভাবিক স্বাদ কমে যেতে পারে এবং কিছু পুষ্টিগুণও নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তাই মাশরুম পরিষ্কারের জন্য একটি সহজ উপায় হল—প্রথমে মাশরুমের গায়ে ভালো করে ময়দা মাখিয়ে নিতে হবে। এরপর একটি একটি করে মাশরুমের গা থেকে ময়দা ঝেড়ে ফেললে এর সঙ্গে লেগে থাকা ময়লা ও ধুলো পরিষ্কার হয়ে যাবে। সবশেষে একটি পরিষ্কার ভেজা কাপড় দিয়ে মাশরুমগুলো ভালোভাবে মুছে নিলেই রান্নার জন্য প্রস্তুত হয়ে যাবে। এই পদ্ধতিতে মাশরুমের স্বাদ ও গঠনও বজায় থাকবে।
