মুখে দিলেই গলে যাবে মাংস, মালাই দিয়ে বানান সুস্বাদু মাটন মালাই হান্ডি

-

কুসুম দাস, কলকাতা: হুজুগে বাঙালির একটু ভালো-মন্দ খাওয়ার জন্য শুধু একটা উপলক্ষই যথেষ্ট! আর জমিয়ে খাওয়াদাওয়া হবে, অথচ পাতে কবজি ডুবিয়ে মাটন থাকবে না—তা কি কখনও হয়? মাটনের ঝোল বা কষা তো বাঙালির চিরচেনা পছন্দ, তবে মাঝে মাঝে সেই একঘেয়ে স্বাদ থেকে বেরিয়ে নতুন কিছু ট্রাই করতেই পারেন। তাই মাটনপ্রেমীদের স্বাদ বদলের জন্য আজ থাকছে একটু অন্যরকম একটি মজাদার মাটনের রেসিপি, যা বাড়িতে সহজেই তৈরি করে জমিয়ে খেতে পারবেন।

চেখে দেখুন মাটনের এই বিশেষ পদ

স্বাস্থ্য ঠিক রাখতে অনেকেই এখন পাঁঠার মাংস এড়িয়ে চলেন। তবে মাঝে মাঝে স্বাদ বদলের জন্য মাসে একবার মাটন খেতেই পারেন। আর সেক্ষেত্রে রেস্তোরাঁয় যাওয়ার প্রয়োজন নেই, বাড়িতেই সহজে বানিয়ে ফেলতে পারেন সুস্বাদু মাটন মালাই হান্ডি। মাটনের ঝোল বা কষার থেকে একেবারেই আলাদা স্বাদের এই পদটি নরম মাংস, মশলা ও মালাইয়ের মিশ্রণে তৈরি হয়। পরিবারের সবাইকে নিয়ে জমিয়ে খাওয়ার জন্য একবার এই রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। দেখে নিন কীভাবে বাড়িতে তৈরি করবেন মজাদার মাটন মালাই হান্ডি।

- Advertisement -

মাটন মালাই হান্ডির উপকরণ

  • মাটন – ৭৫০ গ্রাম
  • গোটা জিরে – ১ টেবিল চামচ
  • গোটা গোলমরিচ – ১ টেবিল চামচ
  • তেজপাতা – ২টি
  • মৌরি – ২ চা চামচ
  • ছোট এলাচ – ২টি
  • লবঙ্গ – ৪–৫টি
  • দারচিনি – ১টি
  • পেঁয়াজ কুচি – ২ কাপ
  • রসুন বাটা – ২ টেবিল চামচ
  • কাজু – ১০–১২টি
  • দই – আধ কাপ
  • কাঁচালঙ্কা – ৭–৮টি
  • জিরেগুঁড়ো – ১ টেবিল চামচ
  • ধনেগুঁড়ো – ১ টেবিল চামচ
  • গোলমরিচের গুঁড়ো – ১ চা চামচ
  • গরম মশলা গুঁড়ো – ১ চা চামচ
  • কসুরি মেথি – ১ টেবিল চামচ
  • ধনেপাতা কুচি – ২ টেবিল চামচ

মাটন মালাই হান্ডির প্রণালী

প্রথমে প্রেশার কুকারে সাদা তেল গরম করে তাতে গোটা জিরে, গোলমরিচ, এলাচ, লবঙ্গ, দারচিনি ও তেজপাতা দিয়ে ফোড়ন দিন। এরপর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিন। পেঁয়াজ হালকা স্বচ্ছ হয়ে এলে রসুন বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে মাটন দিয়ে ভালোভাবে নেড়ে নিন। এরপর প্রয়োজনমতো জল দিয়ে প্রেশার কুকারে মাংস সেদ্ধ করে নিন। অন্যদিকে কাজু, কাঁচালঙ্কা ও দই একসঙ্গে দিয়ে মিহি ও ঘন পেস্ট তৈরি করে রাখুন। এবার একটি কড়াই গরম করে তাতে সেদ্ধ করা মাংস দিন এবং অতিরিক্ত জল শুকিয়ে নিন। জল শুকিয়ে এলে তৈরি করে রাখা কাজু-দইয়ের পেস্ট দিয়ে ভালোভাবে কষাতে থাকুন। এরপর জিরেগুঁড়ো, ধনেগুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো এবং কসুরি মেথি দিয়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিন। মশলা থেকে তেল ছেড়ে এলে উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে গ্যাস বন্ধ করে দিন। এবার গরম গরম পরিবেশন করুন সুস্বাদু মাটন মালাই হান্ডি

Breaking News