মটন দিয়ে কষা, রেজালা বা ভর্তা—এই সব পদ তো বাঙালির রান্নাঘরে প্রায়ই তৈরি হয়। তবে একই স্বাদের বাইরে গিয়ে যদি একটু হালকা অথচ দারুণ সুস্বাদু কিছু খেতে চান, তাহলে একবার মটনের স্টু ট্রাই করতেই পারেন। অল্প মশলায় তৈরি এই পদ যেমন দ্রুত রান্না করা যায়, তেমনই মাংসের আসল স্বাদও বজায় থাকে। গরম গরম মটনের স্টুর সঙ্গে সেঁকা পাউরুটি, বাটার টোস্ট বা ভাত—সবকিছুর সঙ্গেই এর স্বাদ জমে যায়। চলুন, দেখে নেওয়া যাক সহজ উপায়ে কীভাবে তৈরি করবেন এই সুস্বাদু মটনের স্টু।
উপকরণ
মটনের স্টু বানাতে খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না। রান্নাঘরে থাকা কিছু সাধারণ মশলা ও সবজি দিয়েই সহজে তৈরি করা যায় এই সুস্বাদু পদ। শুধু ভালো মানের তাজা মটন থাকলেই বাকি সব উপকরণ সহজেই জোগাড় হয়ে যাবে। এই রেসিপির জন্য লাগবে মটন, তেজপাতা, দারচিনি, গোটা গোলমরিচ, গোটা গরম মশলা, পেঁয়াজ, নুন, গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, কাঁচা পেঁপে, আলু, গাজর, বিনস, কাঁচা লঙ্কা, মাখন এবং সাদা তেল। এই সব উপকরণের সঠিক মিশ্রণেই তৈরি হবে সুগন্ধি, নরম ও স্বাদে ভরপুর মটনের স্টু।
আরও পড়ুন: মাঝরাতে বারবার প্রস্রাব? শুধু জল বেশি খাওয়া নয়, থাকতে পারে এই রোগও
প্রণালী
মটনের স্টু বানাতে প্রথমে মটন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন, যাতে কোনও রক্ত বা ময়লা না থাকে। এরপর একটি কড়াইয়ে সাদা তেল গরম করে তাতে তেজপাতা, দারচিনি, গোটা গোলমরিচ ও গোটা গরম মশলা ফোড়ন দিন। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে কুচোনো পেঁয়াজ দিয়ে হালকা বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিন। তারপর ধুয়ে রাখা মটন কড়াইয়ে দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিশিয়ে কয়েক মিনিট নাড়াচাড়া করুন।
এরপর একে একে নুন, গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা এবং কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে প্রয়োজনমতো গরম জল ঢেলে পুরো মিশ্রণটি প্রেসার কুকারে নিয়ে ২ থেকে ৩টি সিটি দিন। প্রেসার নেমে গেলে ঢাকনা খুলে দেখে নিন মটন সেদ্ধ হয়েছে কি না। এরপর এতে কয়েক টুকরো কাঁচা পেঁপে দিয়ে দিন।
এদিকে অন্য একটি কড়াইয়ে সামান্য তেলে আলু, গাজর ও বিনস সামান্য নুন দিয়ে হালকা ভেজে নিন। ভাজা সবজিগুলি মটনের স্টুতে মিশিয়ে দিন। স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কাও যোগ করতে পারেন। এরপর আবার কুকারের ঢাকনা বন্ধ করে আরও ২ থেকে ৩টি সিটি দিন।
সবশেষে গ্যাস বন্ধ করার আগে স্টুর ওপর এক টুকরো মাখন এবং সামান্য গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিন। এতে স্টুর স্বাদ ও সুগন্ধ আরও বেড়ে যাবে। গরম গরম মটনের স্টু সেঁকা পাউরুটি, বাটার টোস্ট কিংবা সাদা ভাতের সঙ্গে পরিবেশন করুন।
