সাদিকুল খান, কলকাতাঃ নদিয়ার দক্ষিণ আড়ংঘাটার সাহাপাড়ায় মদের কাউন্টার বন্ধের দাবিতে পথে নামলেন এলাকার কয়েকশো মহিলা। সংসারে আর্থিক সমস্যা ও অশান্তির অভিযোগ তুলে মদের কাউন্টারের সামনে বিক্ষোভ দেখান তাঁরা। প্রথমে আড়ংঘাটা পার্কে জমায়েত হন মহিলারা। এরপর সেখান থেকে মিছিল করে মদের কাউন্টারের সামনে পৌঁছে প্রতিবাদ শুরু করেন। বিক্ষোভ চলাকালীন কাউন্টারের শাটার নামিয়ে তাতে তালা লাগিয়ে দেন বিক্ষুব্ধ মহিলারা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
কেন মদের কাউন্টার বন্ধের দাবিতে বিক্ষোভ?
বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, পরিবারের উপার্জনের টাকা মদ কেনার পিছনে খরচ হয়ে যাওয়ায় সংসারে আর্থিক সংকট দেখা দিচ্ছে। সেই সঙ্গে বাড়ছে পারিবারিক অশান্তিও। কয়েকজন মহিলার দাবি, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা থেকেও তাঁদের স্বামীরা মদ কেনার জন্য টাকা নিচ্ছেন। শুধু তাই নয়, অল্পবয়সিদের মধ্যেও মদের প্রভাব বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন তাঁরা। এই পরিস্থিতিতে সাহাপাড়ার মদের কাউন্টার অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা।
ঘটনাস্থলে পুলিশ, কী পদক্ষেপ করবে প্রশাসন?
বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ধানতলা থানার পুলিশ ও আড়ংঘাটা ফাঁড়ির কর্মীরা। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন তাঁরা। তবে মহিলাদের এই বিক্ষোভের পর মদের কাউন্টারটি বন্ধ করা হবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে। নিজেদের দাবি আদায়ে প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপের আর্জি জানিয়েছেন বিক্ষোভকারীরা। এখন প্রশাসন এই বিষয়ে কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই তাকিয়ে রয়েছেন সাহাপাড়ার বাসিন্দারা।
