সাদিকুল খান, কলকাতাঃ রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই বিভিন্ন জায়গায় গেরুয়া শিবিরকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা ও বিতর্ক তৈরি হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়েও এর আগে বাম ছাত্র সংগঠনের বিরুদ্ধে দেশবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছিল। সেই আবহেই গেরুয়ার সম্মান রক্ষার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল যাদবপুর এলাকায় একটি বিশেষ কর্মসূচির আয়োজন করেন। সেখানে হাজার হাজার বিজেপি কর্মী-সমর্থকের পাশাপাশি সাধু-সন্তরাও উপস্থিত ছিলেন। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের সামনে সাধুদের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সেটি বিকৃত করার অভিযোগ ওঠে সিপিআইএম নেতা শতরূপ ঘোষের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে এবার তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে।
শতরূপ ঘোষের বিরুদ্ধে থানায় FIR
হরিপদ ভারতী স্মৃতি রক্ষা কমিটির পক্ষ থেকে বামফ্রন্ট নেতা শতরূপ ঘোষের বিরুদ্ধে এবার যাদবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারীদের দাবি, গত ৯ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পরিচালনা ও উপস্থিতিতে ‘গেরুয়া সম্মান যাত্রা’ নামে একটি কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেই কর্মসূচিতে বহু নাগা সন্ন্যাসী তাঁদের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার প্রয়োগের উদ্দেশ্যে অংশ নেন। অভিযোগে আরও বলা হয়েছে, নাগা সন্ন্যাসীরা হিন্দুধর্ম ও ভারতীয় সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ এবং দেশের বহু হিন্দু তাঁদের অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখেন। তাঁদের প্রতি সাধারণ মানুষের গভীর আবেগ ও বিশ্বাসও জড়িয়ে রয়েছে বলে কমিটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।
তাঁদের দাবি, “এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গের একজন সুপরিচিত রাজনীতিবিদ শতরূপ ঘোষ, ৯ সেপ্টেম্বর রাত প্রায় ৯:৪৫-এ তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি ছবি পোস্ট করেন, যেখানে নাগা সন্ন্যাসীদের অত্যন্ত অশ্লীল ও ঘৃণামূলকভাবে প্রদর্শন করা হয়। উল্লেখ্য, উক্ত ছবিটির সত্যতা যাচাই করা প্রয়োজন। ছবিটি কি সত্যিই সেইদিন ওই মুহূর্তে তোলা হয়েছিল অথবা এটি বিকৃত বা ফটোশপ করা হয়েছে, সেই বিষয়টি যাচাই করা বাকি। তবে অগণিত ছবির মধ্যে উক্ত ব্যক্তি শুধুমাত্র একটি ছবি পোস্ট করার জন্য বেছে নিয়েছেন, জা নাগা সন্ন্যাসীদের প্রতি ঘৃণা এবং উদাসীনতা জাগিয়ে তোলে।”
অভিযোগে আরও লেখা হয়েছে, “এর সঙ্গে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ক্যাপশনও রয়েছে, যা পশ্চিমবঙ্গ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং নাগা সন্ন্যাসীদের, উভয়ের প্রতি চূড়ান্ত আক্রমণ। এটিকে নাগা সন্ন্যাসীদের সম্মান, সুনাম এবং মর্যাদাকে কলঙ্কিত করার একটি প্রচেষ্টা বলেই মনে করা হচ্ছে। এটি আমাদের হিন্দুদেরকে আঘাত করেছে। উক্ত ব্যক্তি ছবি শেয়ার করার পর সেটি ছড়িয়ে পড়তে শুরু করে এবং নাগা সন্ন্যাসীদের সরাসরি আক্রমণ করা হয়। এতে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের সুনাম ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করে দেখুন।” যদিও এ বিষয়ে শতরূপ ঘোষের তরফ থেকে এখনও কোনও বিবৃতি মেলেনি।
