জানারুল খান, কলকাতাঃ বর্তমান সময়ে আধার কার্ড শুধু পরিচয়পত্র হিসেবে নয়, ভারতীয় নাগরিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ ডিজিটাল পরিচয়পত্র হিসেবেও ব্যবহৃত হয়। ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা, সরকারি প্রকল্পের সুবিধা নেওয়া, নতুন সিম কার্ড নেওয়া থেকে শুরু করে স্কুল-কলেজে ভর্তি—বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজেই আধারের প্রয়োজন হয়। তাই আধার কার্ডে থাকা নাম, ঠিকানা, জন্মতারিখসহ অন্যান্য তথ্য সঠিক থাকা অত্যন্ত জরুরি।
বিয়ের পর আধার কার্ডে পদবি বদলাবেন?
বিয়ের পর অনেক মহিলাকেই আধার কার্ডে নিজের ঠিকানা পরিবর্তন করতে হয়। পাশাপাশি কেউ কেউ স্বামীর পদবি ব্যবহার শুরু করেন, ফলে আধারেও নামের পরিবর্তন করার প্রয়োজন হতে পারে। বিয়ের পর আধারে নাম বা ঠিকানা আপডেট করতে হলে নির্দিষ্ট কিছু নথি জমা দিতে হয়। আধার আপডেট করার জন্য UIDAI স্পষ্ট নিয়ম তৈরি করেছে। বিয়ের পর নাম পরিবর্তন করা, আইনগতভাবে নাম সংশোধন করা বা সম্পূর্ণ নাম পরিবর্তন করা—প্রতিটি ক্ষেত্রেই UIDAI আলাদা আলাদা নথি নির্ধারণ করেছে। আধারে নাম আপডেট করার আগে আপনার পরিস্থিতি অনুযায়ী কোন নথি বৈধ হবে, তা জানা গুরুত্বপূর্ণ।
বিয়ের পর আধারে কীভাবে নাম পরিবর্তন করবেন ?
বিয়ের পর কোনও মহিলা যদি আধার কার্ডে ঠিকানা পরিবর্তন করতে চান এবং বাবার নামের পরিবর্তে স্বামীর নাম যুক্ত করতে চান, তাহলে সাধারণত স্বামী-স্ত্রীর আধার কার্ড এবং ম্যারেজ সার্টিফিকেটের মতো নথি প্রয়োজন হতে পারে। আধার আপডেটের সময় আধারের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বরে OTP-এর মাধ্যমে যাচাই করা হতে পারে। এরপর প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে আধারে ঠিকানা আপডেট করার পাশাপাশি স্বামীর নাম যুক্ত করার আবেদন করা যায়। তবে কোন নথি গ্রহণ করা হবে, তা আবেদন ও সংশ্লিষ্ট আধার আপডেটের নিয়ম অনুযায়ী নির্ভর করতে পারে।
আরও পড়ুনঃ Post Office RD Scheme: ৫০০ টাকা করে জমিয়ে ২৫ লাখ! সুদ থেকেই ৭ লাখের বেশি
বিয়ের পর কোনও মহিলা যদি আধার কার্ডে নিজের পদবি পরিবর্তন করতে চান, তাহলে নাম পরিবর্তনের প্রমাণ হিসেবে ম্যারেজ সার্টিফিকেট জমা দিতে হতে পারে। কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার কর্তৃক জারি করা বৈধ ম্যারেজ সার্টিফিকেট নির্দিষ্ট ক্ষেত্রে পরিচয়, ঠিকানা ও সম্পর্কের প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য হতে পারে। ম্যারেজ সার্টিফিকেটে যদি আবেদনকারীর ছবি থাকে, তাহলে সেটি নাম আপডেটের জন্য যথেষ্ট হতে পারে। তবে সার্টিফিকেটে ছবি না থাকলে পুরনো নাম ও ছবি-সহ অন্য কোনও বৈধ পরিচয়পত্র জমা দেওয়ার প্রয়োজন হতে পারে।
আধারে সম্পূর্ণ নাম পরিবর্তন করতে হলে কী করবেন?
বিয়ে বা বিবাহবিচ্ছেদের কারণে নয়, কেউ যদি নিজের ইচ্ছায় আধার কার্ডে প্রথম নাম, পদবি বা সম্পূর্ণ নাম পরিবর্তন করতে চান, তাহলে এর জন্য আলাদা প্রক্রিয়া অনুসরণ করতে হয়। এই ক্ষেত্রে ভারত সরকার বা কোনও রাজ্য সরকার কর্তৃক প্রকাশিত সরকারি গেজেট নোটিফিকেশনে নতুন নাম নথিভুক্ত থাকা প্রয়োজন। সাধারণত প্রথমে স্থানীয় সংবাদপত্রে নাম পরিবর্তনের বিজ্ঞাপন প্রকাশ করতে হয় এবং এরপর সরকারি গেজেটে নতুন নাম প্রকাশের প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। তবে গেজেট নোটিফিকেশন মূলত পরিচয়ের প্রমাণ (Proof of Identity বা PoI) হিসেবে ব্যবহার করা যায়।
