কুসুম দাস, কলকাতাঃ বিশেষ অনুষ্ঠান হোক কিংবা প্রতিদিনের সাজ, লিপস্টিক ছাড়া অনেকেরই মেকআপ যেন অসম্পূর্ণ থেকে যায়। পোশাকের সঙ্গে মানানসই লিপস্টিক ঠোঁটের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি গোটা লুকেও এনে দেয় আলাদা আকর্ষণ। তবে বাজারে পাওয়া অনেক লিপস্টিকে বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদান ব্যবহার করা হয়, যা কারও কারও ঠোঁটে শুষ্কতা বা অস্বস্তির কারণ হতে পারে। অন্যদিকে, ভালো মানের লিপস্টিক কিনতে খরচও কম হয় না। তবে জানেন কি, বাড়িতেই বিটরুট ব্যবহার করে তৈরি করে নিতে পারেন প্রাকৃতিক রঙের লিপস্টিক? খুব বেশি খরচ না করেই কীভাবে সহজ পদ্ধতিতে বাড়িতে এই লিপস্টিক বানাবেন, জেনে নিন তার সম্পূর্ণ উপায় (Beetroot Lipstick)।
বাড়িতেই বানিয়ে নিন প্রাকৃতিক বিটরুট লিপস্টিক
উপকরণঃ বাড়িতে বিটরুট লিপস্টিক তৈরি করতে খুব বেশি উপকরণের প্রয়োজন নেই। এর জন্য লাগবে ২–৩ টেবিল চামচ তাজা বিটরুটের রস, ১ টেবিল চামচ ভ্যাসলিন, ১ টেবিল চামচ গ্লিসারিন এবং ১–২ ফোঁটা ভিটামিন ই তেল। এই কয়েকটি উপকরণ হাতের কাছে থাকলেই সহজেই তৈরি করে নিতে পারবেন ঘরোয়া পদ্ধতিতে বিটরুট লিপস্টিক।
প্রাকৃতিক বিটরুট লিপস্টিক তৈরির পদ্ধতি
প্রথমে একটি প্যানে বিটরুটের রস নিয়ে ২–৩ মিনিট হালকা আঁচে গরম করুন। রস কিছুটা ঘন হয়ে এলে গ্যাস বন্ধ করে সম্পূর্ণ ঠান্ডা হতে দিন। এরপর ঠান্ডা বিটরুটের রস একটি পরিষ্কার কাচের পাত্রে ঢেলে নিন। এবার তাতে ১ চা চামচ ভ্যাসলিন এবং ১ চা চামচ গ্লিসারিন মিশিয়ে নিন। মিশ্রণটি মোমের কাগজ দিয়ে ঢেকে প্রায় ১ মিনিট মাইক্রোওয়েভে গরম করুন। তবে পাত্রটি মাইক্রোওয়েভে ব্যবহারের উপযোগী কি না, তা দেখে নেবেন।
এরপর মিশ্রণটি কিছুটা ঠান্ডা হলে তাতে ২ ফোঁটা ভিটামিন ই তেল দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিন। সবশেষে তৈরি মিশ্রণটি একটি পরিষ্কার ছোট লিপস্টিকের কৌটোতে ঢেলে অন্তত ৬ ঘণ্টা ফ্রিজে রেখে দিন। সারারাত রাখতে পারলে আরও ভালোভাবে সেট হবে। ব্যস, সহজ কয়েকটি উপকরণ দিয়েই বাড়িতে তৈরি হয়ে গেল বিটরুট দিয়ে বানানো ঘরোয়া লিপ বাম। তবে মনে রাখবেন, এতে তাজা বিটরুটের রস থাকায় এটি সংরক্ষণকারী উপাদান ছাড়া তৈরি হচ্ছে। তাই অল্প পরিমাণে বানিয়ে ফ্রিজে রাখুন এবং দুর্গন্ধ, রং বা গঠনে পরিবর্তন দেখা দিলে ব্যবহার করবেন না।
ব্যবহারের আগে বিশেষ সতর্কতা
তবে বাড়িতে তৈরি এই বিটরুট লিপস্টিক দীর্ঘদিন সংরক্ষণ করা উচিত নয়। বিশেষ করে এর রং, গন্ধ বা গঠনে কোনও পরিবর্তন দেখা দিলে আর ব্যবহার করবেন না। ঠোঁটে লাগানোর আগে অবশ্যই ত্বকের ছোট একটি অংশে প্যাচ টেস্ট করে নিন। প্রথমবার ব্যবহারের পর ঠোঁটে চুলকানি, ফোলাভাব বা জ্বালাপোড়ার মতো সমস্যা দেখা দিলে সঙ্গে সঙ্গে ব্যবহার বন্ধ করুন। পাশাপাশি লিপস্টিক তৈরির সময় সবসময় পরিষ্কার ও শুকনো পাত্র ব্যবহার করবেন। এতে লিপস্টিক দূষিত হওয়ার ঝুঁকি কিছুটা কমবে।
