নেপালে ভয়াবহ হড়পা বান, এখনও নিখোঁজ ২৮৭ ভারতীয়! উদ্ধার ৮৮ জন

-

সাদিকুল খান , কলকাতাঃ নেপালে হড়পা বান ও বন্যার জেরে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। এই বিপর্যয়ের মধ্যে বহু ভারতীয় সেখানে আটকে পড়েছেন, যাঁদের অধিকাংশই পর্যটক। এছাড়াও কর্মসূত্রে নেপালে থাকা বেশ কয়েকজন ভারতীয়ও বিপদের মধ্যে পড়েছেন। শনিবার বিকেলে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে পরিস্থিতি নিয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত বিপর্যস্ত নেপাল থেকে ৮৮ জন ভারতীয়কে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এখনও ২৮৭ জন ভারতীয় নিখোঁজ রয়েছেন।

গত বুধবার সকালে নেপালের রাসুয়া জেলায় ভোটেকোশী নদীতে হঠাৎ হড়পা বান আসে। তিব্বত সীমান্তের কাছে নদীর প্রবল জল ও কাদামাটির স্রোতে গ্রামের পর গ্রাম ভেসে যায়। এরপর থেকেই সেখানে জোরকদমে উদ্ধারকাজ চলছে। রাসুয়া জেলায় একটি জলবিদ্যুৎ প্রকল্পের কাজ চলছিল, হড়পা বানের প্রবল স্রোতে সেই প্রকল্পও কার্যত নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, শনিবার ওই এলাকা থেকে আরও চার জন ভারতীয়কে উদ্ধার করা হয়েছে। তাঁদের প্রথমে কাঠমান্ডুতে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে ভারতে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে। উদ্ধার হওয়া চার ভারতীয় হলেন রিপু কুমার, চানেশ্বর নারজ়ারি, কৃপা শঙ্কর এবং মহম্মদ মিনহাজুদ্দিন। তবে তাঁদের বিস্তারিত পরিচয় বা তাঁরা কোন এলাকার বাসিন্দা, সে সম্পর্কে এখনও তথ্য প্রকাশ করা হয়নি।

- Advertisement -

বিপর্যস্ত নেপালের পাশে প্রথম থেকেই রয়েছে প্রতিবেশী দেশ ভারত। এ দেশ থেকে ত্রাণ সামগ্রী পৌঁছে যাচ্ছে পড়শি দেশে। নয়াদিল্লি এ-ও জানায়, তারা উদ্ধারকারী দল পাঠাতে চায় নেপালে। যদিও প্রথমে বলেন্দ্র শাহের সরকার সেই ‘সাহায্য’ নিয়ে চায়নি। তবে পরে আন্তর্জাতিক চাপের সামনে তাদের নতিস্বীকার করতে হয়েছে। নেপাল রাজি হওয়ার পরেই সেখানে উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারত। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, তারা ফরেনসিক দল এবং সুড়ঙ্গ খননকারী দল পাঠাচ্ছে। এই সুড়ঙ্গ খননকারী দল মূলত পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সবাল আগেই বলেছিলেন, ‘‘ওই দল গিয়ে সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখবে। কী কী সরঞ্জাম দরকার হবে, খতিয়ে দেখা হবে।’’ তাদের থেকে তথ্য সংগ্রহ করে ভারতের মূল উদ্ধারকারী দল রওনা দেবে নেপালের উদ্দেশে।

নেপালে উদ্ধারকাজ আরও জোরদার করতে ভারত থেকে একাধিক ফরেনসিক দল পাঠানো হচ্ছে। শনিবারই দলগুলির কাঠমান্ডু পৌঁছনোর কথা। নিখোঁজদের মধ্যে যাঁদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, তাঁদের পরিচয় শনাক্ত করতে ডিএনএ নমুনা পরীক্ষায় নেপালকে সাহায্য করবে এই ফরেনসিক বিশেষজ্ঞরা। পাশাপাশি, সুড়ঙ্গের ভিতরে উদ্ধারকাজে সহায়তার জন্য একটি বিশেষ প্রযুক্তি দলও নেপালে পৌঁছেছে। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, ওই দলে ১১ জন বিশেষজ্ঞ রয়েছেন এবং তাঁরা সুড়ঙ্গের মধ্যে আটকে থাকা মানুষদের উদ্ধারে প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা দেবেন। এছাড়াও, আরও একটি বিশেষ দল শনিবার কাঠমান্ডু পৌঁছোচ্ছে বলে জানিয়েছে নয়াদিল্লি।

- Advertisement -

নেপাল পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, হড়পা বানের ভয়াবহতায় এখনও পর্যন্ত ৫৯৯ জনের মৃত্যু হয়েছে এবং আরও বহু মানুষ নিখোঁজ রয়েছেন। বিপদের এই সময়ে প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সাহায্যের প্রশংসা করেছে নেপাল সরকার। ভারতের এই উদ্যোগকে নরেন্দ্র মোদীর ‘উদারতা’ বলেও উল্লেখ করেছে তারা। এদিকে নেপালের বন্যাকবলিত এলাকাগুলিতে লাগাতার বৃষ্টির কারণে বারবার উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। তবে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও উদ্ধারকারী দলগুলি সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। এখনও পর্যন্ত আড়াই হাজারেরও বেশি মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। পাশাপাশি, বুধবার থেকেই নেপালের বন্যাবিধ্বস্ত এলাকাগুলিতে ত্রাণসামগ্রী পাঠাচ্ছে ভারত। বিদেশ মন্ত্রকের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত নেপালে মোট ৫৭.৬ টন ত্রাণসামগ্রী পাঠানো হয়েছে।

- Advertisement -

Breaking News