ভিডিও ডিলিট করেও লাভ নেই! নেতাজিকে অপমান করলেই গ্রেফতার, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

-

পশ্চিমবঙ্গের মাটিতে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে কোনওরকম কুরুচিকর মন্তব্য বা অপমানজনক পোস্ট বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী বলেন, নেতাজিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্য বা ভিডিও পোস্ট করা ব্যক্তিদের অবিলম্বে ক্ষমা চাইতে হবে, নইলে সরকারের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এমনকি কোনও ব্যক্তি আপত্তিকর ভিডিও বা পোস্ট পরে ডিলিট করে দিলেও রেহাই মিলবে না বলেও সতর্ক করেন তিনি। সরকারের নজর এড়িয়ে সোশ্যাল মিডিয়ায় এমন কোনও মন্তব্য করা যাবে না বলেও স্পষ্ট বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।

নেতাজিকে অপমানজনক মন্তব্য করলেই গ্রেফতার

নবান্নের সভাঘরে উত্তরবঙ্গের বিধায়কদের পাশে বসিয়ে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অপমানজনক মন্তব্যের প্রসঙ্গে কড়া বার্তা দেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, নেতাজিকে অপমান করে কোনও ধরনের পোস্ট বা ভিডিও বাংলার মাটিতে বরদাস্ত করা হবে না। তাঁর দাবি, এই ধরনের একাধিক অভিযোগ ইতিমধ্যেই তাঁর কাছে এসেছে এবং বিধায়করাও বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, নেতাজিকে নিয়ে যাঁরা এমন মন্তব্য করেছেন, তাঁদের অবিলম্বে ক্ষমা চেয়ে পোস্ট করতে হবে। পাশাপাশি আপত্তিকর ভিডিও বা পোস্ট মুছে ফেললেও রেহাই মিলবে না এবং অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও সতর্ক করেন তিনি।

- Advertisement -

নবান্ন থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে কুরুচিকর মন্তব্য বা অপমানজনক ভিডিও তৈরি করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তাঁর বক্তব্য, উত্তরবঙ্গের বিধায়কেরা ইতিমধ্যেই এই ধরনের মন্তব্যের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপের দাবি তুলেছেন। সরকারও সেই দাবিকে সমর্থন করছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, মন্তব্য বা ভিডিওটি পুরনো হোক কিংবা সাম্প্রতিক—নেতাজিকে অপমান করা হয়েছে এমন অভিযোগ প্রমাণিত হলে নির্দিষ্ট আইনে পুলিশ ব্যবস্থা নেবে এবং এই বিষয়ে রাজ্য সরকার কোনও হস্তক্ষেপ করবে না।

সবমিলিয়ে বলাই যায়, বিগত দিনগুলিতে দেশনায়ক নেতাজিকে নিয়ে যেভাবে নানান প্রান্তে কুরুচিকর মন্তব্য ছড়িয়ে পড়েছিল। সোশ্যাল মিডিয়ায় নেতাজির ছবি বিকৃত করে যেভাবে নিজেদের আত্মসন্তুষ্টি চালিয়ে যাচ্ছিলেন অসাধুরা, এবার সেটাই শক্ত হাতে দমন করতে একেবারে কোমর বাঁধল রাজ্য সরকার। বিশেষ করে মুখ্যমন্ত্রীর ঘোষণার পর, এবার থেকে নেতাজিকে নিয়ে কু কথা বললে বা তাঁকে অসম্মান করলে অভিযুক্তদের ব্যবস্থা করবে পুলিশই! যেতে হতে পারে শ্রী ঘরে।

Breaking News