সাদিকুল খান, কলকাতাঃ রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় বক্তব্য রাখতে উঠে তীব্র বিক্ষোভের মুখে পড়লেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহু। তিনি বক্তব্য শুরু করতেই বেশ কয়েকজন আধিকারিক হল ছেড়ে বেরিয়ে যান। প্রায় ফাঁকা হয়ে যাওয়া সভাকক্ষেই বক্তব্য চালিয়ে যান নেতানইয়াহু। নিজের বক্তব্যে ইজরায়েলের বিরুদ্ধে ‘মিথ্যা প্রচার’ চালানোর অভিযোগ তোলেন তিনি। পাশাপাশি দাবি করেন, কিছু দেশ ইজরায়েলকে মানচিত্র থেকে মুছে দিতে চায়। এই মন্তব্যের পর দর্শকাসন থেকেও দুয়োধ্বনি শোনা যায়।
উল্লেখ্য, নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি অতীতে নেতানইয়াহুকে ‘যুদ্ধ অপরাধী’ হিসেবে অভিহিত করেছিলেন এবং তাঁকে গ্রেফতারের পক্ষেও সওয়াল করেছিলেন। সেই প্রসঙ্গ টেনেই রাষ্ট্রসঙ্ঘে নিজের বক্তব্য শুরু করেন ইজরায়েলের প্রধানমন্ত্রী। নেতানইয়াহু বলেন, মামদানি তাঁকে চুপ করাতে এবং বক্তব্য আটকাতে চেয়েছিলেন, কিন্তু তা সফল হয়নি। তাঁর দাবি, সত্যকে কোনওভাবেই থামানো বা আটকানো যায় না।
নেতানইয়াহু দাবি করেন, ইজরায়েল কোনও গণহত্যা চালায়নি, বরং তা প্রতিহত করেছে। তাঁর অভিযোগ, ইহুদি বিদ্বেষ ছড়িয়ে ইজরায়েলকে হেয় করার চেষ্টা চলছে। তাঁর এই বক্তব্যের পরই দর্শকাসন থেকে অনেকে বেরিয়ে যেতে শুরু করেন। এতে ক্ষুব্ধ নেতানইয়াহু বলেন, যারা এখনও হল ছেড়ে বের হননি, তাঁরাও যেন চলে যান। এরপরই সভাকক্ষে বিশৃঙ্খলা তৈরি হয়।
ইজরায়েলে সাধারণ নির্বাচন যত এগিয়ে আসছে, ততই নেতানইয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা বাড়ছে। তাঁর নেতৃত্বে ফের সরকার গঠন সম্ভব হবে কি না, তা নিয়ে রাজনৈতিক মহলে নানা মত রয়েছে। রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় নেতানইয়াহুর বক্তব্যের সময় প্রতিনিধিদের হল ছেড়ে বেরিয়ে যাওয়ার ঘটনাকেও অনেকে সেই রাজনৈতিক চাপের প্রেক্ষাপটে দেখছেন।
