জনকল্যাণ শিবিরে আয়ুষ্মান ভারতের নতুন সুবিধা, কারা পাবেন?

-

রাজ্যজুড়ে চলছে তিন দিনের জনকল্যাণ শিবির (Jana Kalyan Shivir), যেখানে অন্নপূর্ণা ভাণ্ডার থেকে শুরু করে বিভিন্ন সরকারি প্রকল্পের ফর্ম ফিলাপের সুযোগ পাচ্ছেন সাধারণ মানুষ। আয়ুষ্মান ভারত (Ayushman Bharat), বার্ধক্য ভাতা, বিধবা ভাতা সহ একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের আবেদন ও তথ্য পরিষেবাও দেওয়া হচ্ছে এই শিবিরে। এর মধ্যেই প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ গুরুত্ব পেয়েছে আয়ুষ্মান ভারতের বয়স বন্দনা স্কিম। এই প্রকল্পের আওতায় ৭০ বছর বা তার বেশি বয়সী নাগরিকরা আবেদন করতে পারছেন এবং স্বাস্থ্যসেবা সংক্রান্ত সুবিধা পাওয়ার সুযোগ থাকছে।

প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ সুবিধা

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন যে কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প ধাপে ধাপে রাজ্যে বাস্তবায়ন করা হবে। সেই অনুযায়ী প্রথম মন্ত্রিসভার বৈঠকেই আয়ুষ্মান ভারত প্রকল্পের অনুমোদন দেওয়া হয় এবং ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়াও শুরু হয়েছে। সাধারণভাবে এই প্রকল্পে আবেদন করার জন্য SPHH, PHH বা AAY রেশন কার্ড প্রয়োজন বলে জানানো হয়েছে, ফলে RKSY-I বা RKSY-II কার্ডধারীরা আবেদন করতে পারবেন না। তবে প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ ছাড় রাখা হয়েছে। ৭০ বছর বা তার বেশি বয়সী নাগরিকরা যে কোনও ধরনের রেশন কার্ড থাকলেই আবেদন করার সুযোগ পাবেন। সেই কারণেই জনকল্যাণ শিবিরে তাঁদের জন্য আলাদা বিশেষ ফর্মও দেওয়া হচ্ছে।

- Advertisement -

রাজ্যজুড়ে যে সমস্ত জনকল্যাণ শিবির বসছে, সেখানেই মিলছে এই আয়ুষ্মান ভারত বয়স বন্দনা স্কিমের ফর্ম, যেখানে শুধুমাত্র ৭০ ঊর্ধ্ব প্রবীণ নাগরিকরা আবেদন করতে পারবেন। তবে এই ফর্মে আবেদনকারীর ব্যক্তিগত তথ্য যেমন আধার এবং রেশন কার্ডের নম্বর, আধারের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বর, জন্ম তারিখ, লিঙ্গ, ঠিকানা ইত্যাদি বসাতে হচ্ছে। পাশাপাশি ২০২৬ সালের ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কিনা, এসআইআর ট্রাইবুনালে আবেদন করা হয়েছে কিনা বা সিএএ-তে আবেদন করা হয়েছে কিনা তাও জানতে চাওয়া হচ্ছে।

বলে রাখি, আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় উপভোক্তারা বছরে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্যবীমা সুবিধা পেতে পারেন। রাজ্য সরকারের দাবি অনুযায়ী, এই প্রকল্পের আওতায় ইতিমধ্যেই বিপুল সংখ্যক হাসপাতাল যুক্ত হয়েছে, যার মধ্যে সরকারি ও বেসরকারি— উভয় ধরনের হাসপাতালই রয়েছে। মুখ্যমন্ত্রী জানান, ২০১৮ সাল থেকে কোটি কোটি স্বাস্থ্য কার্ড বিতরণ করা হয়েছে এবং এবার পশ্চিমবঙ্গের আরও বেশি সংখ্যক মানুষকে এই প্রকল্পের আওতায় আনার লক্ষ্য নেওয়া হয়েছে। সেই উদ্দেশ্যেই আবেদন প্রক্রিয়া সহজ করা, জনকল্যাণ শিবির চালু করা এবং বিভিন্ন স্তরে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

🔔 সর্বশেষ খবর সবার আগে পেতে যুক্ত হন

ব্রেকিং নিউজ, চাকরির খবর, টেক আপডেট ও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের WhatsAppTelegram চ্যানেলে এখনই যুক্ত হন।

Breaking News