জানারুল খান, কলকাতাঃ রান্নার গ্যাসের সিলিন্ডার বুকিংয়ের নিয়মে বড় পরিবর্তন আনল কেন্দ্র। এতদিন গ্রামীণ এলাকার গ্রাহকদের একটি সিলিন্ডার নেওয়ার পর পরবর্তী সিলিন্ডার বুক করতে ৪৫ দিন অপেক্ষা করতে হতো। এবার সেই সময়সীমা কমিয়ে ২৫ দিন করা হয়েছে। শুধু গ্রামীণ এলাকা নয়, শহরের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। অর্থাৎ, এখন থেকে কোনও গৃহস্থালির গ্রাহক একটি সিলিন্ডার নেওয়ার পর মাত্র ২৫ দিন অপেক্ষা করেই পরবর্তী সিলিন্ডার বুক করতে পারবেন। সোমবার এই নতুন নিয়মের কথা জানিয়েছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস ও পর্যটন প্রতিমন্ত্রী সুরেশ গোপী। নতুন নিয়ম দ্রুত কার্যকর করার জন্য ইতিমধ্যেই তেল বিপণন সংস্থাগুলিকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।
সরবরাহ স্বাভাবিক হওয়ায় শিথিল নিয়ম
পশ্চিম এশিয়ার সংঘাতের প্রভাব দেশের এলপিজি সরবরাহ ব্যবস্থাতেও পড়েছিল। সেই সময় সহজে রান্নার গ্যাসের সিলিন্ডার পাওয়া যাচ্ছিল না। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রকে বাধ্য হয়ে সিলিন্ডার বুকিংয়ের ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ চালু করতে হয়। গ্রামীণ গ্রাহকদের জন্য ৪৫ দিনের ব্যবধান নির্ধারণ করাও ছিল সেই বিধিনিষেধেরই অংশ। তবে বর্তমানে এলপিজি সরবরাহ পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই স্বাভাবিক হয়েছে। পাশাপাশি সিলিন্ডারের জন্য অপেক্ষারত গ্রাহকের সংখ্যাও কিছুটা কমেছে। এই পরিস্থিতিতে পুরনো বিধিনিষেধ কিছুটা শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। ফলে গ্রাম ও শহরের জন্য আলাদা নিয়ম না রেখে সমস্ত গৃহস্থালি গ্রাহকের ক্ষেত্রেই পরবর্তী সিলিন্ডার বুক করার জন্য ২৫ দিনের ব্যবধান নির্ধারণ করা হয়েছে।
এলপিজি বিক্রিতে পতন, নজর প্রাকৃতিক গ্যাসে
এদিকে দেশের এলপিজি বিক্রির পরিসংখ্যানেও বড় পরিবর্তন দেখা গিয়েছে। অগস্টে রান্নার গ্যাসের বিক্রি ১৬.১ শতাংশ কমে ২৪.২ লক্ষ টনে নেমে এসেছে। এর আগে জুলাইয়েও এলপিজি বিক্রি ১৭.৪ শতাংশ কমেছিল। শিল্পমহলের একাংশের মতে, পশ্চিম এশিয়ার সংঘাতের পর শিল্প ও বাণিজ্যিক ক্ষেত্রের কিছু গ্রাহক প্রাকৃতিক গ্যাসকে তুলনামূলক বেশি নির্ভরযোগ্য বলে মনে করছেন। ফলে তাঁরা পাইপলাইনের মাধ্যমে সরবরাহ করা প্রাকৃতিক গ্যাসের দিকে ঝুঁকেছেন। জুনে বিধিনিষেধ প্রত্যাহারের পর মাসিক হিসাবে এলপিজি বিক্রি ৮.৬ শতাংশ বেড়ে ২১.৮ লক্ষ টনে পৌঁছেছিল। তবে সেই পরিমাণও আগের বছরের তুলনায় কম ছিল। অগস্টে এলপিজি বিক্রি ২০২৪ সালের ২৭.৭ লক্ষ টনের তুলনায় ১২.৬ শতাংশ কম হয়েছে।
আরও পড়ুনঃ রেশন কার্ডের E-KYC করা আছে কি? মোবাইলেই করুন স্ট্যাটাস চেক
বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম
অন্যদিকে, বাণিজ্যিক কাজে ব্যবহৃত এলপিজি সিলিন্ডারের দামও বাড়িয়ে দেওয়া হয়েছে। হোটেল, রেস্তরাঁ-সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যবহৃত ১৯ কেজির সিলিন্ডারের দাম ৯ টাকা ৫০ পয়সা বাড়িয়ে ২৭৪৭ টাকা ৫০ পয়সা করা হয়েছে। আগে এই সিলিন্ডারের দাম ছিল ২৭৩৮ টাকা। ফলে একদিকে যেমন গৃহস্থালির গ্রাহকদের জন্য বুকিংয়ের ব্যবধান কমেছে, অন্যদিকে বাণিজ্যিক ব্যবহারকারীদের ক্ষেত্রে সিলিন্ডারের দাম সামান্য বৃদ্ধি পেয়েছে।
