ভারতে আরও একটি সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন আনার প্রস্তুতি নিচ্ছে Nothing। শোনা যাচ্ছে, নতুন ডিভাইসটি Nothing Phone 4b নামে বাজারে আসতে পারে। যদিও এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে ফোনটির নাম আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। ইতিমধ্যেই কোম্পানি একটি নতুন টিজার ভিডিও প্রকাশ করেছে, যেখানে আসন্ন ফোনটির ডিজাইনের কিছু ঝলক দেখা গিয়েছে। এর আগে ভারতীয় বাজারে Phone 4a এবং Phone 4a Pro লঞ্চ করেছিল Nothing। এবার নতুন এই বাজেট-ফ্রেন্ডলি মডেলে সিঙ্গেল ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে বলেই জল্পনা তৈরি হয়েছে। তবে ফোনটির স্পেসিফিকেশন, দাম এবং লঞ্চের তারিখ সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য সামনে আসেনি।
ভারতে শীঘ্রই আসছে Nothing Phone 4b
নাথিং ইন্ডিয়া তাদের অফিসিয়াল ‘X’ (আগের টুইটার) হ্যান্ডেলে আসন্ন বাজেট স্মার্টফোন নিয়ে একটি টিজার ভিডিও প্রকাশ করেছে। মাত্র ১২ সেকেন্ডের এই ভিডিওতে একটি সিঙ্গেল-ক্যামেরা সেটআপ সহ সম্ভাব্য Nothing Phone 4b-এর স্কেচ দেখা গিয়েছে। ফোনটির পিছনের অংশে ক্যামেরার পাশেই নজরে এসেছে কোম্পানির পরিচিত ‘Glyph Interface’, যা নাথিং ফোনের অন্যতম আকর্ষণ। এছাড়া ডিভাইসের পাশে ভলিউম কন্ট্রোল ও পাওয়ার বাটন এবং নিচের দিকে ইউএসবি টাইপ-সি পোর্টও দেখা গিয়েছে। ভিডিওর ক্যাপশনে কোম্পানি “(b)usted” শব্দটি ব্যবহার করেছে, যা দেখে অনেকের ধারণা, নতুন ফোনটির নাম হয়তো “Phone (b)” হতে পারে। যদিও এই বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি কোম্পানি।
ই-কমার্স ওয়েবসাইট Flipkart এই আপকামিং নাথিং ফোনের জন্য একটি মাইক্রোসাইটও লাইভ করা হয়েছে, যা ভারতীয় বাজারে শীঘ্রই আসার ইঙ্গিত দিচ্ছে। ফোনের পেছনের প্যানেলে ফ্ল্যাট বা সমতল ডিজাইনের ফিচার থাকবে। সম্প্রতি, সিএমএফ (CMF) তাদের বিদ্যমান বর্তমান স্মার্টফোন প্রজেক্ট নাথিং-এর কাছে ট্রান্সফার করেছে, যার ফলে অনুমান করা হচ্ছে যে, এই ফোনটি মূলত সিএমএফ-এর ডিজাইন করা ছিল এবং এখন এটি নাথিং ব্র্যান্ডের আওতায় বাজারে আসতে পারে।
আপকামিং নাথিং ফোন 4 (বি) এর দাম কত হতে পারে?
কোম্পানির প্রতিষ্ঠাতা ও সিইও কার্ল পেই আগেই স্পষ্ট করে জানিয়েছেন, নাথিং এই বছর কোনও ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারে আনছে না। ফলে ব্র্যান্ডটির মূল নজর থাকবে মিড-রেঞ্জ এবং বাজেট সেগমেন্টে। সেই কৌশলের অংশ হিসেবেই চলতি বছরের মার্চে Nothing Phone 4a এবং Phone 4a Pro লঞ্চ করা হয়েছিল, যার শুরুর দাম রাখা হয় ৩১,৯৯৯ টাকা। এখন নতুন আপকামিং নাথিং ফোনটিও তুলনামূলক কম দামের সেগমেন্টে আসতে পারে বলে মনে করা হচ্ছে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, ডিভাইসটির সম্ভাব্য দাম ২০,০০০ টাকার আশেপাশে হতে পারে, কারণ এর আগে বাজারে আসা সিএমএফ সিরিজের ফোনগুলিও প্রায় একই দামের মধ্যে রাখা হয়েছিল।
