ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের পথে হাঁটছে রাজ্যের বিজেপি সরকার। ইতিমধ্যেই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় ঘোষণা হয়েছে, যেখানে জানানো হয়েছে ১ জুন থেকে মহিলাদের অ্যাকাউন্টে ৩০০০ টাকা করে পাঠানো হবে। এরই মধ্যে বেকার যুবক-যুবতীদের নজর ছিল যুবশক্তি প্রকল্পের দিকে (Yuva Shakti Scheme)। প্রতিশ্রুতি অনুযায়ী এই প্রকল্পে ৩০০০ টাকা কবে থেকে মিলবে এবং কীভাবে আবেদন করতে হবে, তা নিয়ে বহুদিন ধরেই প্রশ্ন উঠছিল। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে রাজ্য সরকারের তরফে যুবশক্তি প্রকল্পে আবেদন করার জন্য অফিসিয়াল পোর্টাল চালু করা হয়েছে।
চালু হচ্ছে যুবশক্তি প্রকল্প (Yuva Shakti Scheme)
বলে রাখা ভালো, আগের সরকারের আমলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে যুবসাথী প্রকল্প চালু করা হয়েছিল, যেখানে বেকার যুবক-যুবতীদের প্রতি মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হত। পরবর্তীতে নির্বাচনের আগে বিজেপি প্রতিশ্রুতি দেয়, তারা ক্ষমতায় এলে এই ভাতার পরিমাণ বাড়িয়ে ৩০০০ টাকা করা হবে। পাশাপাশি জানানো হয়, যতদিন পর্যন্ত উপভোক্তা চাকরি না পাচ্ছেন, ততদিন এই সহায়তা চালু থাকবে। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবেই এবার যুবশক্তি প্রকল্প নিয়ে নতুন ঘোষণা সামনে এসেছে। জানানো হয়েছে, যারা আগে যুবসাথী প্রকল্পের আওতায় টাকা পেতেন, তারাই নির্দিষ্ট নিয়ম মেনে এই প্রকল্পের সুবিধা পেতে পারেন।
রাজ্য সরকারের তরফ থেকে যেমনটা জানানো হয়েছে, এই প্রকল্পে আলাদা করে আবেদন করতে হবে না। আগামী ১ জুন থেকেই ডিবিটির মাধ্যমে যোগ্যদের অ্যাকাউন্টে ৩০০০ টাকা করে দেওয়া হবে। তবে যারা যুবসাথী প্রকল্পে আবেদন করেননি, তাদের জন্য নতুন পোর্টাল চালু করা হয়েছে, যেখানে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। আর এই পোর্টালের অফিসিয়াল এড্রেস হল https://www.juboshokti.in/। এছাড়াও শ্রম বা কর্মসংস্থান দপ্তরের অফিসিয়াল পোর্টালের মাধ্যমে বেকার যুবক যুবতীরা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করে নিতে পারবে।
কারা পাবে টাকা?
রাজ্য সরকারের তরফে প্রকাশিত নির্দেশিকা অনুযায়ী যুবশক্তি প্রকল্পের সুবিধা পেতে আবেদনকারীদের কয়েকটি নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে হবে। প্রথমত, সংশ্লিষ্ট যুবক বা যুবতীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে ন্যূনতম মাধ্যমিক পাশ থাকা বাধ্যতামূলক। আবেদনকারীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। এছাড়া বর্তমানে তিনি বেকার হতে হবে, অর্থাৎ কোনও ধরনের চাকরি বা কর্মসংস্থানের সঙ্গে যুক্ত থাকা চলবে না। পাশাপাশি আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি (Direct Benefit Transfer) লিংক থাকা বাধ্যতামূলক।
কীভাবে আবেদন করবেন?
যদিও রাজ্য সরকারের তরফে যুবশক্তি প্রকল্পের জন্য অফিসিয়াল পোর্টাল চালু করা হয়েছে, এখনও পর্যন্ত অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়নি। পোর্টালে দেখা যাচ্ছে, আগামী ৮ দিন পর থেকেই আবেদন গ্রহণ শুরু হবে। সেদিন থেকে আবেদনকারীদের অফিসিয়াল পোর্টালে গিয়ে ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতার বিবরণ, আধার কার্ডের তথ্য, ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলসসহ প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে। এরপর নির্দিষ্ট নথি আপলোড করে আবেদন সম্পূর্ণ করতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্টের মধ্যে থাকবে আধার কার্ড, ভোটার আইডি কার্ড, বয়সের প্রমাণ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্ক্যান কপি।
