‘রাম’ নামেই আর বিক্রি করা যাবে না? FSSAI-এর আপত্তিতে আইনি জটিলতা

-

সাদিকুল খান, কলকাতাঃ ওল্ড মঙ্ক (Old Monk) নামটি দীর্ঘদিন ধরেই মানুষের কাছে ‘রাম’ হিসেবেই পরিচিত। তবে জনপ্রিয় এই ব্র্যান্ডের একটি ভ্যারিয়েন্টকে ঘিরে এবার তৈরি হয়েছে আইনি জটিলতা। বম্বে হাইকোর্টে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI) জানিয়েছে, নির্দিষ্ট কিছু নিয়ম না মানলে কোনও পানীয়কে সরাসরি ‘রাম’ নামে বাজারজাত করা যাবে না। মূলত পানীয়টি তৈরির প্রক্রিয়া, ব্যবহৃত স্পিরিট এবং কৃত্রিম ফ্লেভার নিয়ে আপত্তি উঠেছে। এর ফলে সংশ্লিষ্ট পানীয়টির দীর্ঘদিনের পরিচিত নাম পরিবর্তন করতে হতে পারে। পাশাপাশি বোতলের লেবেলেও পানীয়টির উপাদান ও প্রকৃতি সম্পর্কে স্পষ্টভাবে তথ্য উল্লেখ করতে হবে।

কী নিয়ে আপত্তি FSSAI-এর?

সংস্থাটির বক্তব্য অনুযায়ী, রামের নিজস্ব বৈশিষ্ট্য তৈরি হয় নির্দিষ্ট প্রক্রিয়ায় পরিপক্ব করা স্পিরিট থেকে। কিন্তু সংশ্লিষ্ট পানীয়টিতে নিউট্রাল বা অপরিপক্ব স্পিরিটের সঙ্গে কৃত্রিম স্বাদ ও গন্ধ মেশানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। FSSAI-এর মতে, এই ধরনের মিশ্রণকে সরাসরি ‘রাম’ হিসেবে বাজারজাত করা ঠিক নয়। তাই বোতলের লেবেলে পানীয়টি আসলে কী ধরনের, তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

- Advertisement -

আরও পড়ুনঃ রেশন কার্ডের E-KYC করা আছে কি? মোবাইলেই করুন স্ট্যাটাস চেক

‘৭ বছরের পুরনো’ দাবিতেও উঠছে প্রশ্ন!

মামলার শুনানিতে ‘ওল্ড মঙ্ক XXX রাম’-এর একটি নির্দিষ্ট ভ্যারিয়েন্টের বোতলের লেবেল নিয়েও আপত্তি তোলা হয়। ওই লেবেলে ‘সাত বছরের পুরনো ব্লেন্ডেড’ লেখা থাকলেও FSSAI-এর দাবি, পানীয়টিতে আসল পরিপক্ব রামের পরিমাণ ছিল ৫ শতাংশেরও কম। বাকি অংশে ব্যবহার করা হয়েছিল নিউট্রাল স্পিরিট। নিয়ম অনুযায়ী, কোনও মিশ্রিত পানীয়র বয়স নির্ধারণের ক্ষেত্রে তাতে ব্যবহৃত সবচেয়ে কম বয়সি স্পিরিটের বয়সকেই বিবেচনা করতে হয়। FSSAI-এর বক্তব্য, সংশ্লিষ্ট ভ্যারিয়েন্টের ক্ষেত্রে সেই নিয়ম যথাযথভাবে মানা হয়নি।

- Advertisement -

শুধু ওল্ড মঙ্ক নয়, নজরে আরও ব্র্যান্ড!

কৃত্রিম স্বাদ ও গন্ধ ব্যবহার করে রাম বা হুইস্কি বাজারজাত করার অভিযোগে আরও কয়েকটি ব্র্যান্ড FSSAI-এর নজরে এসেছে। এদিকে আদালতে বিষয়টি ওঠার পর প্রস্তুতকারী সংস্থা ইতিমধ্যেই সংশোধিত লেবেল জমা দিয়েছে বলে জানা গিয়েছে। সেই নতুন লেবেলে পানীয়টির উপাদান ও পরিচয় কীভাবে উল্লেখ করা হয়েছে, তা খতিয়ে দেখার পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে FSSAI।

JANARUL KHAN
JANARUL KHANhttps://jknews24.in/
আমি জানারুল খান। গত তিন বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছি। এর মধ্যে দেড় বছরেরও বেশি সময় ধরে JKNews24-এর সঙ্গে কাজ করছি। দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ঘটনা, সাম্প্রতিক বিষয় এবং গুরুত্বপূর্ণ খবর নিয়ে চর্চা ও বিশ্লেষণ করতে আগ্রহী। নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে সহজ ও পাঠকবান্ধব ভাষায় সংবাদ তুলে ধরাই আমার কাজের অন্যতম লক্ষ্য।
Breaking News