Sanju Das, কলকাতাঃ ভারতের বাজারে OnePlus 16 সিরিজের ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ নিয়ে নতুন জল্পনা শুরু হয়েছে। এর আগে একাধিক রিপোর্টে দাবি করা হয়েছিল, সংস্থাটি ভারতে তাদের প্রিমিয়াম ফোন লঞ্চ নাও করতে পারে। তবে এবার জনপ্রিয় টিপস্টার Gadgetsdata সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ জানিয়েছেন, ভারতে দুটি নতুন ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে OnePlus। এর মধ্যে OnePlus 16R লঞ্চ হওয়ার সম্ভাবনা বেশি বলে দাবি করা হয়েছে। অন্যদিকে দ্বিতীয় ফোনটি OnePlus 16 হতে পারে বলে অনুমান করছেন টিপস্টার।
টিপস্টার Gadgetsdata-র দাবি, OnePlus 16 ও OnePlus 16R ফোন দুটি ভারতে ডিসেম্বর ২০২৬ অথবা জানুয়ারি ২০২৭-এ লঞ্চ হতে পারে। তবে এখনও পর্যন্ত সংস্থার তরফে লঞ্চের নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। অন্যদিকে, ভারতের বাজারে iQOO 16, Motorola Signature 27 এবং Xiaomi 18 Pro-র মতো একাধিক ফ্ল্যাগশিপ স্মার্টফোন আসার খবরও সামনে এসেছে। পাশাপাশি, OnePlus 16-এর চিনে লঞ্চের তারিখ ১২ অক্টোবর বলে জানা গিয়েছে।
OnePlus 16R-এর সম্ভাব্য স্পেসিফিকেশন ও দাম
রিপোর্ট অনুযায়ী, ভারতে OnePlus 16R লঞ্চ হতে পারে চীনের OnePlus Ace 7-এর মতো একই স্পেসিফিকেশন নিয়ে। ফোনটিতে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে, যা শক্তিশালী পারফরম্যান্স দিতে পারে। এছাড়াও, এতে ৬.৭৮ ইঞ্চির 1.5K LTPS OLED ডিসপ্লে থাকতে পারে, যার রিফ্রেশ রেট হতে পারে ১৮৫Hz। তুলনায়, OnePlus 15R-এ রয়েছে ১৬৫Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে।
OnePlus 16R ফোনের ক্যামেরায় বড় পরিবর্তন আসতে পারে। শোনা যাচ্ছে, এতে ৩.৫x অপটিক্যাল জুম-সহ ৫০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা দেওয়া হতে পারে। পাশাপাশি, ফোনটির মূল ক্যামেরায় ৫০ মেগাপিক্সেলের বদলে ২০০ মেগাপিক্সেলের সেন্সর থাকতে পারে। আগের OnePlus 15R-এর ক্যামেরা নিয়ে অনেকেই অসন্তোষ প্রকাশ করেছিলেন। সেলফি তোলা ও ভিডিও কলের জন্য ফোনটিতে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে।
OnePlus 16R ফোনে ৯,০০০mAh-এর বড় ব্যাটারি থাকতে পারে বলে শোনা যাচ্ছে। ফলে আগের OnePlus 15R-এর ৭,৪০০mAh ব্যাটারির তুলনায় নতুন ফোনটি একবার চার্জে আরও বেশি সময় চলতে পারে। ফোনটিতে ১০০W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকারও সম্ভাবনা রয়েছে। সফটওয়্যারের দিক থেকে, OnePlus 16R-এ শুরু থেকেই সর্বশেষ ColorOS 17 দেওয়া হতে পারে।
দামের ক্ষেত্রে, OnePlus 16R-এর দাম ৭০,০০০ থেকে ৭৫,০০০ টাকার মধ্যে হতে পারে বলে জল্পনা চলছে। এই দাম সত্যি হলে, আগের OnePlus 15R-এর তুলনায় নতুন ফোনটি অনেকটাই দামি হবে। কারণ, OnePlus 15R ভারতে ৪৭,৯৯৯ টাকা প্রারম্ভিক দামে লঞ্চ হয়েছিল। পরে একাধিকবার দাম বাড়ায় বর্তমানে ফোনটির দাম ৫৯,৯৯৯ টাকা। বিশেষ করে ক্যামেরা ও ব্যাটারির ক্ষেত্রে সম্ভাব্য আপগ্রেডের কারণে OnePlus 16R-এর জন্য অপেক্ষা করতে পারেন অনেকে।
