পেঁয়াজের দামে আগুন! এক বছরে ৭৬% বৃদ্ধি, দাম কমাতে বড় সিদ্ধান্ত কেন্দ্রের

-

মধ্যবিত্তের হেঁশেলে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির চাপ যেন ক্রমেই বেড়ে চলেছে। ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম হাজার টাকা ছুঁইছুঁই, তার সঙ্গে তেল, গুড় ও চিনির দামও বাড়ছে। এবার সেই তালিকায় নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে পেঁয়াজের দাম (Onion Price Hike)। রান্নার অন্যতম প্রয়োজনীয় এই সবজির দাম বাজারে বাড়তে থাকায় সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। কাটার আগেই বাজারে কিনতে গিয়ে চোখে জল আসছে ক্রেতাদের। ফলে সংসারের মাসিক খরচ সামলাতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে মধ্যবিত্ত পরিবার। এই পরিস্থিতিতে কবে পেঁয়াজের দাম কমবে, আদৌ দ্রুত দাম কমার সম্ভাবনা রয়েছে কি না, তা নিয়েই এখন সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে।

আরও দাম বাড়ল পেঁয়াজের

পেঁয়াজের যে হারে দাম বাড়ছে, তাতে রান্না থেকে শুরু করে স্যালাড—দৈনন্দিন খাবারে এর ব্যবহার কমাতে বাধ্য হতে পারেন মধ্যবিত্তরা। গত এক মাসে দেশের বেশ কিছু এলাকায় পেঁয়াজের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। শনিবার দেশের পেঁয়াজের গড় খুচরা দাম প্রতি কেজি ৪২ টাকায় পৌঁছেছে, যা গত বছরের তুলনায় প্রায় ৪৫ শতাংশ এবং গত মাসের তুলনায় ১৯ শতাংশ বেশি। উপভোক্তা বিষয়ক দপ্তরের তথ্য অনুযায়ী, দিল্লিতে বর্তমানে পেঁয়াজের খুচরা দাম প্রতি কেজি ৬৫ টাকা, যেখানে এক বছর আগে দাম ছিল ৩৫ টাকা। অর্থাৎ এক বছরে সেখানে পেঁয়াজের দাম প্রায় ৩০ টাকা বেড়েছে। অন্যদিকে, চেন্নাইতেও পেঁয়াজের দাম প্রতি কেজি ৫৮ টাকায় পৌঁছেছে, যেখানে গত বছর একই সময়ে দাম ছিল ৩৩ টাকা। কেরালা ও অসমের কয়েকটি এলাকাতেও পেঁয়াজের দাম তুলনামূলকভাবে বেশি রয়েছে। ফলে দেশের বিভিন্ন প্রান্তে পেঁয়াজের দাম বৃদ্ধির প্রভাব সরাসরি পড়ছে সাধারণ মানুষের রান্নাঘরের বাজেটে।

- Advertisement -

গত এক মাসে নাসিকে দেশের বৃহত্তম পেঁয়াজের বাজারে দাম ৭৬ শতাংশ বেড়েছে। পেঁয়াজের দাম বাড়ার পেছনে একাধিক কারণ উল্লেখ করা হচ্ছে। অনিশ্চিত বর্ষার কারণে বীজ বপনে বিলম্ব, সরবরাহের ঘাটতি এবং সরকারি ক্রয় কমে যাওয়া এই সব কারণই পেঁয়াজের দাম বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। মজুতদাররা এই দুর্ভোগ আরও বাড়িয়ে তুলেছে।

‘কান্দা এক্সপ্রেস’ চালু সরকারের

পেঁয়াজের ক্রমবর্ধমান দাম নিয়ন্ত্রণে আনতে এবার সরকারি মজুত থেকে পেঁয়াজ বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। আজ থেকেই মহারাষ্ট্রের নাসিক থেকে দিল্লি, চেন্নাই, কোচি এবং গুয়াহাটির মতো শহরে ‘কান্দা এক্সপ্রেস’ চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে। মহারাষ্ট্রে পেঁয়াজকে ‘কান্দা’ বলা হয়। যেসব এলাকায় পেঁয়াজের দাম জাতীয় গড়ের তুলনায় বেশি, সেখানে সরবরাহ বাড়িয়ে দাম কমানোর লক্ষ্যেই এই উদ্যোগ বলে সরকারি সূত্রে জানানো হয়েছে। কর্মকর্তাদের আশা, সরকারি মজুতের পেঁয়াজ বাজারে এলে সাধারণ মানুষ তুলনামূলক কম দামে পেঁয়াজ কিনতে পারবেন। আগামী কয়েক মাসের চাহিদা মেটানোর জন্য সরকার ও কৃষক—উভয়ের কাছেই পর্যাপ্ত পেঁয়াজের মজুত রয়েছে বলেও দাবি করা হয়েছে। তবে বাজার বিশেষজ্ঞদের মতে, দেশের সবচেয়ে বড় পেঁয়াজ উৎপাদনকারী রাজ্য মহারাষ্ট্রে খরিফ মরশুমে পেঁয়াজ উৎপাদন ৫ থেকে ৭ শতাংশ কমে যাওয়ার খবরই সাম্প্রতিক দাম বৃদ্ধির অন্যতম কারণ।

Breaking News