২ জুলাই ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে OPPO Reno 16 সিরিজ। এই সিরিজের অধীনে OPPO Reno 16 এবং OPPO Reno 16C 5G স্মার্টফোন দুটি আত্মপ্রকাশ করতে পারে বলে জানা গেছে। যদিও কোম্পানি এখনও ফোনগুলির সম্পূর্ণ স্পেসিফিকেশন বা দামের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করেনি, তবে সাম্প্রতিক একাধিক লিকে ভারতীয় বাজারে এই দুই স্মার্টফোনের সম্ভাব্য দাম প্রকাশ্যে এসেছে। ফলে লঞ্চের আগেই OPPO-র নতুন Reno সিরিজ নিয়ে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে জোর আলোচনা শুরু হয়েছে।
OPPO Reno 16C ফোনের দাম
টিপস্টার সঞ্জু চৌধুরী OPPO Reno 16C ফোনের ভারতীয় দাম সম্পর্কে জানিয়েছেন। লিক অনুযায়ী আপকামিং Reno 16C ফোনটি 49,999 টাকা দামে পেশ করা হবে। এটি ফোনের প্রাথমিক দাম হতে পারে। তবে এই দামের মডেলটিতে কত RAM এবং স্টোরেজ দেওয়া হবে সেই বিষয়ে এখনো পর্যন্ত জানা যায়নি। একই লিকের মাধ্যমে OPPO Reno 16 ফোনের ভারতীয় দাম 59,999 টাকা হবে বলে জানা গেছে। আপকামিং দুটি স্মার্টফোনের সঠিক দাম জানার জন্য আগামী 2 জুলাই লঞ্চের অপেক্ষা করা হচ্ছে।
OPPO Reno 16C ফোনের স্পেসিফিকেশন
ক্রমাগত বিভিন্ন লিকের মাধ্যমে OPPO Reno 16C-এর সম্ভাব্য স্পেসিফিকেশন সামনে আসছে। একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে, গ্লোবাল বাজারে এই স্মার্টফোনটি OPPO Reno 16F-এর রিব্র্যান্ডেড সংস্করণ হিসেবে লঞ্চ হতে পারে। পারফরম্যান্সের জন্য ফোনটিতে 2.5GHz ক্লক স্পিডের MediaTek Dimensity 7300 Energy প্রসেসর এবং LPDDR4X RAM থাকার সম্ভাবনা রয়েছে, যা দৈনন্দিন ব্যবহার থেকে শুরু করে মাল্টিটাস্কিং ও গেমিংয়ে ভালো পারফরম্যান্স দিতে পারে। ক্যামেরার দিক থেকেও ফোনটি বেশ শক্তিশালী হতে পারে। লিক অনুযায়ী, এতে ৫০ মেগাপিক্সেলের OIS-সহ প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেলের 3.5x টেলিফটো লেন্স এবং ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা মিলিয়ে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এছাড়া সেলফি ও ভিডিও কলের জন্য ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাও দেওয়া হতে পারে। তবে এগুলো এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি OPPO।
