Sanju Das, কলকাতাঃ গত কয়েকদিন ধরেই OPPO Reno 17 সিরিজের একাধিক তথ্য সামনে আসছে। এই সিরিজের অধীনে আসতে চলেছে OPPO Reno 17 এবং OPPO Reno 17 Pro স্মার্টফোন। ইতিমধ্যেই ফোন দুটির সম্ভাব্য স্পেসিফিকেশন নিয়ে আলোচনা শুরু হয়েছে। পাশাপাশি বিভিন্ন সার্টিফিকেশন সাইটেও দেখা যাচ্ছে আসন্ন মডেলগুলি। সম্প্রতি NBTC সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত হওয়ার পর এবার ভারতের BIS সার্টিফিকেশন সাইটেও দেখা গেল OPPO Reno 17 5G ফোনটিকে।
OPPO Reno 17 ফোনের সার্টিফিকেশন ডিটেইলস
BIS অর্থাৎ ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের ওয়েবসাইটে CPH2975 মডেল নম্বরের সঙ্গে তালিকাভুক্ত হয়েছে OPPO Reno 17 5G। ভারতের বাজারে বিক্রি হওয়া পণ্যের নির্ধারিত মান ও সুরক্ষা সংক্রান্ত বিষয়গুলি দেখভাল করে এই সরকারি সংস্থা। BIS-এর তালিকায় ফোনটিকে R-93005800 রেজিস্ট্রেশন নম্বর দেওয়া হয়েছে। যদিও এই লিস্টিংয়ে ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করা হয়নি, তবে এটি ভারতে লঞ্চের সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। এখন দেখার বিষয়, OPPO কবে Reno 17 5G-এর লঞ্চের তারিখ ঘোষণা করে এবং ফোনটির ফিচার ও দাম সম্পর্কে কী কী তথ্য সামনে আসে।
OPPO Reno 17 সিরিজের স্পেসিফিকেশন
১) মডেল ও অপারেটিং সিস্টেমেঃ কোম্পানির তরফে OPPO Reno 17 সিরিজের অধীনে OPPO Reno 17 এবং OPPO Reno 17 Pro—এই দুটি স্মার্টফোন লঞ্চ করা হতে পারে। ফোন দুটি অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক ColorOS 17 অপারেটিং সিস্টেমে চলতে পারে বলে জানা যাচ্ছে। অন্যদিকে, সিরিজের বেস মডেল OPPO Reno 17-তে ৪ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি Qualcomm Snapdragon 7 Gen 4 প্রসেসর ব্যবহার করা হতে পারে, যার সর্বোচ্চ ক্লক স্পিড ২.৮GHz।
২) প্রসেসরঃ অন্যদিকে, OPPO Reno 17 Pro স্মার্টফোনে MediaTek Dimensity 8550 Super প্রসেসর ব্যবহার করা হতে পারে। ৪ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এই অক্টা-কোর প্রসেসরটির ক্লক স্পিড ২.২GHz থেকে সর্বোচ্চ ৩.৪GHz পর্যন্ত হতে পারে বলে জানা যাচ্ছে। এছাড়া OPPO Reno 17 সিরিজের দুটি ফোনই ১২GB RAM-সহ বাজারে আসতে পারে। স্টোরেজের ক্ষেত্রে ১২৮GB, ২৫৬GB এবং ৫১২GB—এই তিনটি বিকল্প পাওয়া যেতে পারে।
৩) ব্যাটারিঃ পাওয়ার ব্যাকআপের জন্য OPPO Reno 17 5G স্মার্টফোনে ৭,০০০mAh-এর বড় ব্যাটারি দেওয়া হতে পারে, যা ৮০W ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে। পাশাপাশি কমপ্যাক্ট ডিজাইনের সঙ্গে ফোনটিতে IP69 রেটিং দেওয়া হতে পারে, যা ধুলো ও জল থেকে সুরক্ষার ক্ষেত্রে উন্নত মানের সুরক্ষা দিতে পারে।
৪) ক্যামেরাঃ OPPO Reno 17 Pro স্মার্টফোনে ফটোগ্রাফির জন্য ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। এই ক্যামেরা সেটআপে গিম্বেল-স্টাইল স্টেবিলাইজেশন প্রযুক্তি-সহ ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ৫০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো সেন্সর এবং ৫০ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকতে পারে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে, সেলফি তোলা এবং ভিডিও কলের জন্য ফোনটির সামনে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হতে পারে।
৫) ডিসপ্লেঃ লিক হওয়া তথ্য অনুযায়ী, OPPO Reno 17 Pro 5G স্মার্টফোনে ৬.৩২ ইঞ্চির 1.5K রেজোলিউশনের ডিসপ্লে দেওয়া হতে পারে, যা ১২০Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে ৭,০০০mAh-এর বড় ব্যাটারি থাকার সম্ভাবনাও রয়েছে। লঞ্চের সময়সীমা নিয়ে প্রকাশিত তথ্য অনুযায়ী, আগামী নভেম্বর মাসে OPPO Reno 17 সিরিজটি প্রথমে বাজারে আসতে পারে।
