সাদিকুল খান, কলকাতাঃ চাকরির বাজারে ফের উদ্বেগের খবর। ভারতের প্রযুক্তি ক্ষেত্রে কর্মরত বহু কর্মীর চাকরি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। জানা গিয়েছে, ভারতে প্রায় ৩,০০০ কর্মী ছাঁটাইয়ের প্রস্তুতি নিচ্ছে ওরাকল। অন্যদিকে, মাইক্রোসফটের ভারত-ভিত্তিক প্রায় ৪০০ থেকে ৫০০ কর্মীকে পারফরম্যান্স ইমপ্রুভমেন্ট প্ল্যান (PIP)-এর আওতায় আনা হয়েছে বলে খবর। এই দুই ঘটনায় প্রযুক্তি সংস্থাগুলির কর্মীদের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে। কর্মক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) ব্যবহার দ্রুত বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন সংস্থায় কর্মীসংখ্যা কমানোর প্রবণতাও দেখা যাচ্ছে। বিশেষ করে প্রযুক্তি ক্ষেত্রে একের পর এক সংস্থা ছাঁটাইয়ের পথে হাঁটায় চাকরির বাজারে তার প্রভাব পড়ছে বলেই মনে করা হচ্ছে।
চাকরি হারাবেন ওরাকল-এর প্রায় ৩,০০০ কর্মী –
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের অন্যতম পরিচিত প্রযুক্তি সংস্থা ওরাকল ভারতে প্রায় ৩,০০০ কর্মী ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং ক্লাউড কম্পিউটিংয়ে বিনিয়োগ দ্রুত বাড়ার পাশাপাশি সংস্থার কর্মী কাঠামোতেও পরিবর্তন আনা হচ্ছে বলে জানা গিয়েছে। শুধু ওরাকল নয়, মাইক্রোসফটও ভারতীয় কর্মীদের নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, সংস্থাটির প্রায় ৪০০ থেকে ৫০০ কর্মীকে পারফরম্যান্স ইমপ্রুভমেন্ট প্ল্যান (PIP)-এর আওতায় আনা হয়েছে।
ওরাকল-এ মোট কত কর্মী হ্রাস পেয়েছে ?
প্রতিবেদন অনুযায়ী, ওরাকলের কর্মীসংখ্যা ইতিমধ্যেই উল্লেখযোগ্যভাবে কমেছে। এর আগে ৩১ মার্চ বিশ্বজুড়ে প্রায় ৩০,০০০ কর্মী ছাঁটাই করেছিল সংস্থাটি। তথ্য অনুযায়ী, এর ফলে কোম্পানির মোট কর্মীসংখ্যার প্রায় ১৩ শতাংশ কমেছে। যেখানে আগে বিশ্বজুড়ে ওরাকলের প্রায় ১ লক্ষ ৬২ হাজার কর্মী ছিলেন, বর্তমানে সেই সংখ্যা কমে প্রায় ১ লক্ষ ৪১ হাজারে দাঁড়িয়েছে বলে জানা গিয়েছে। ২০২৬ সালের পুনর্গঠন পরিকল্পনার আওতায় প্রায় ১.৮ বিলিয়ন ডলার খরচের কথা জানিয়েছিল ওরাকল। তবে ভবিষ্যতে সেই ব্যয়ের পরিমাণ বেড়ে প্রায় ২.১ বিলিয়ন ডলারে পৌঁছতে পারে বলে অনুমান করছেন বিশেষজ্ঞরা।
কেন ভারতে ওরাকলের হাজার কর্মী চাকরি যেতে পারে
শোনা যাচ্ছে, ভারতে যেহেতু কোম্পানির একটা বড় কর্মীসংখ্য়া কাজ করে,তাই এখানে বড় কোপ পড়তে পারে। মূলত, ইঞ্জিনিয়ারিং,ক্লাউড সার্ভিস, টেকনোলজি সাপোর্টের মতো বিভাগে ভারতের বহু কর্মী চাকরি করেন। এই কারণে ওরাকলের একটা বড় অংশ গ্লোবাল অপারেশনের জন্য দায়বদ্ধ। এই কর্মী সংখ্যায় এবার বড় কোপ পড়তে পারে। সংস্থার অফিসে কান পাতলে শোনা যাচ্ছে, শুধু ৩০০০ নয়, সব মিলিয়ে ৭০০০-১০০০০ কর্মীর চাকরি যেতে পারে। তবে, নির্দিষ্ট কোনও তারিখেই কর্মী ছাঁটাই হতে পারে তা নিয়ে কোনও নিশ্চিত খবর পাওয়া যায়নি। এমনকী ম্যানেজারদের কাছেও কোন কোন বিভাগের কতজনের চাকরি যাবে , এই নিয়ে কোনও সংখ্যা সামনে আসেনি।
