সাদিকুল খান, ইসলামাবাদঃ পাকিস্তানে ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ হয়ে যাওয়ায় রান্নার গ্যাসের দাম হু হু করে বেড়েছে (Pakistan LPG)। ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৪,৫০০ রুপি থেকে বেড়ে প্রায় ৭,০০০ পাকিস্তানি রুপিতে পৌঁছেছে। গত ১৭ অক্টোবর গ্যাবদ-রিমদান ও তাফতান সীমান্ত বন্ধ হওয়ায় গ্যাস আমদানিতে সমস্যা তৈরি হয়েছে। পাকিস্তান তার এলপিজি চাহিদার প্রায় ৭০ শতাংশ আমদানি করে, যার বড় অংশ আসে ইরান থেকে। ফলে গ্যাসের দাম বাড়ায় চাপে পড়েছেন সাধারণ মানুষ।
পাকিস্তানে গ্যাসের দাম আকাশছোঁয়া
বাজারে এলপিজির সরবরাহ কমে যাওয়ায় পাকিস্তানের বিভিন্ন শহরে রান্নার গ্যাসের দাম বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। বেলুচিস্তানে একটি সিলিন্ডারের দাম ৭,০০০ রুপি, লাহোরে ৭,৫০০ রুপি এবং স্কার্দুতে ৮,২০০ রুপিতে পৌঁছেছে। পাহাড়ি এলাকায় দাম আরও বেশি। অথচ পাকিস্তানের তেল ও গ্যাস নিয়ন্ত্রক সংস্থা ওজিআরএ নির্ধারিত দাম প্রায় ৩,৩০০ রুপি। কিন্তু সেই দামে গ্যাস না মেলায় অনেক মানুষকে কালোবাজার থেকে দ্বিগুণ বা তিনগুণ দামে সিলিন্ডার কিনতে হচ্ছে।
সরকারি দরের চেয়ে দ্বিগুণ-তিনগুণ দামে বিকোচ্ছে এলপিজি
লাহোরের বাসিন্দা ফারহাত আব্বাসের কথায়, আগে প্রতি কেজি এলপিজির দাম ছিল ২৫০ রুপি, যা এখন বেড়ে ৫০০ থেকে ৬০০ রুপিতে পৌঁছেছে। সামনে শীতকাল, তাই গ্যাসের চাহিদাও বাড়বে। রান্না ও ঘর গরম রাখার জন্য বহু পরিবার এলপিজির ওপর নির্ভরশীল। ফলে গ্যাসের এই মূল্যবৃদ্ধিতে সংসার চালাতে আরও সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ।
সীমান্ত না খুললে পরিস্থিতি আরও খারাপের আশঙ্কা
পাকিস্তান এলপিজি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ইরফান খোখার সতর্ক করেছেন, সীমান্ত দ্রুত খুলে না দিলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। সীমান্তের দুই পাশে আটকে রয়েছে শত শত ট্রাক ও ট্যাঙ্কার। ব্যবসায়ীদের আশঙ্কা, এর জেরে শুধু রান্নার গ্যাস নয়, অন্যান্য পণ্যের দামও বাড়তে পারে। এদিকে সীমান্ত সমস্যা নিয়ে আলোচনার জন্য সম্প্রতি তেহরান সফর করেছেন পাকিস্তানের সেনাপ্রধান। তবে এখনও পরিস্থিতির উন্নতি হয়নি। সরকার বিকল্প পথে গ্যাস আমদানির কথা ভাবলেও, সেই ব্যবস্থা কার্যকর হতে সময় লাগতে পারে।
