জেকে নিউজ ২৪ বাংলা ডেস্কঃ পাকিস্তানের পেশোয়ারে একটি বেসরকারি স্কুলের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৭ থেকে ১২ বছর বয়সি ২০ জন পড়ুয়া এবং এক শিক্ষিকা রয়েছেন। বৃহস্পতিবার পেশোয়ারের আফ্রিদি আবাদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন সূত্রে জানা গিয়েছে। এই ঘটনায় আরও ২১ জন আহত হয়েছেন, যাঁদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক। লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মহম্মদ আসিম সংবাদমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। দুর্ঘটনার পর পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়।
ক্লাস চলাকালীন ভেঙে পড়ে স্কুলের ছাদ
পেশোয়ারের ডেপুটি কমিশনার আফাক ওয়াজির জানিয়েছেন, আল খায়ের স্কুলের ছাদ ভেঙে পড়ার সময় শ্রেণিকক্ষের ভিতরে ছিল পড়ুয়ারা। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়া পড়ুয়া ও অন্যদের উদ্ধারে কাজ শুরু করেন উদ্ধারকারীরা। ধ্বংসস্তূপের নীচে আর কেউ আটকে রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধারকাজ এখনও চলছে।
ঘটনাস্থল থেকে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিয়োতে দেখা গিয়েছে, দুর্ঘটনার খবর পেয়ে স্কুলের সামনে বহু মানুষ ভিড় করেছেন। উদ্ধারকারীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও ধ্বংসস্তূপ সরানোর কাজে হাত লাগিয়েছেন। ধ্বংসস্তূপের নীচে আটকে পড়া পড়ুয়া ও অন্যদের দ্রুত উদ্ধার করতে তাঁরা চেষ্টা চালাচ্ছেন।
পেশোয়ারের স্কুলের ছাদ ভেঙে পড়ে পড়ুয়া ও শিক্ষিকার মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন খাইবার পাখতুনখোয়ার রাজ্যপাল ফয়সল করিম কুন্ডি। তিনি দুর্ঘটনার বিস্তারিত রিপোর্ট চাওয়ার পাশাপাশি কী কারণে স্কুলের ছাদ ভেঙে পড়ল, তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। এক বিবৃতিতে রাজ্যপাল জানান, নিরীহ শিশুদের প্রাণহানির ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি। পাশাপাশি, আহত পড়ুয়ারা যাতে সর্বোত্তম চিকিৎসা পান, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দিয়েছেন।
