সাদিকুল খান, কলকাতাঃ পাকিস্তানে ফের বড়সড় ট্রেন দুর্ঘটনা ঘটল। মঙ্গলবার সকালে মুলতানের শেরশাহ সেতুর কাছে লাইনচ্যুত হয়ে যায় করাচি থেকে পেশোয়ারের উদ্দেশে রওনা দেওয়া রহমান বাবা এক্সপ্রেসের একাধিক কামরা। এই দুর্ঘটনায় অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে এবং কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। ঘটনার পর ফের পাকিস্তানের রেল পরিষেবার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা
পাকিস্তানের স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ভোর ৫টা ১৫ মিনিট নাগাদ স্থানীয় সময় পেশোয়ারের দিকে যাওয়ার সময় রহমান বাবা এক্সপ্রেসের বেশ কয়েকটি কামরা লাইনচ্যুত হয়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয় এবং আহত হন একাধিক যাত্রী। তাঁদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী, যাত্রা শুরুর আগে ট্রেনটির ৯ নম্বর কামরায় মেরামতির কাজ করছিলেন রেলকর্মীরা। সেই কাজের সঙ্গে দুর্ঘটনার কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
চালকের ভুল, যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কোনও কারণে রহমান বাবা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়েছে, তা খতিয়ে দেখছেন পাকিস্তানের তদন্তকারীরা। একই সঙ্গে দুর্ঘটনার পিছনে কোনও নাশকতার পরিকল্পনা ছিল কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে। তবে মঙ্গলবার মুলতানে ঘটে যাওয়া এই ট্রেন দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও পর্যন্ত সরকারি ভাবে কিছু জানানো হয়নি। এদিকে, দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহত যাত্রীদের দ্রুত ও যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে পাক সরকার।
উল্লেখ্য, পাকিস্তানে ট্রেন দুর্ঘটনা এটাই প্রথম নয়। পশ্চিমের দেশের দুর্বল এবং জড়াজীর্ণ রেল ব্যবস্থার কারণে বারবার দুর্ঘটনার কবলে পড়তে হয়েছে যাত্রীদের। এর আগে 2019 ও 2022 সালে রহমান বাবা এক্সপ্রেস একইভাবে দুর্ঘটনার কবলে পড়েছিল। এছাড়াও 2023 সালে সিন্ধ প্রদেশে লাইনচ্যুত হয়ে গিয়েছিল হাজ়ারা এক্সপ্রেস। যে ঘটনায় মৃত্যু হয়েছিল 30 জন যাত্রীর। এসব ছাড়াও বিগত দিনগুলিতে পাকিস্তানের ছোটখাটো ট্রেন দুর্ঘটনা ঘটেই চলেছে।
