সাদিকুল খান,কলকাতাঃ ফের ভারতকে ঘিরে কড়া বার্তা দিল পাকিস্তান। ২০২৫ সালের মে মাসে অপারেশন সিঁদুরের পর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক আরও তিক্ত হয়েছে। পহেলগাঁও জঙ্গি হামলার পর ভারত পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বন্ধ করার পাশাপাশি সিন্ধু জল বণ্টন চুক্তিও স্থগিত করেছিল। এরপর থেকেই বিভিন্ন সময়ে নয়াদিল্লির বিরুদ্ধে সুর চড়িয়েছে ইসলামাবাদ এবং এসেছে একাধিক হুঁশিয়ারি। এবার ফের ভারতকে নিয়ে কড়া মন্তব্য করলেন পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনসের (ISPR) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী।
ভারতকে সরাসরি হুঁশিয়ারি পাকিস্তানের!
সাম্প্রতিক সময়ে সিন্ধু জল বণ্টন চুক্তি-সহ একাধিক ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েছে। এরই মধ্যে ফের নয়াদিল্লিকে নিয়ে কড়া মন্তব্য করেছেন পাকিস্তান সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাঁকে ভারত-পাকিস্তান সংঘাত নিয়ে মন্তব্য করতে শোনা গিয়েছে। তাঁর বক্তব্য অনুযায়ী, ভারত যদি পাকিস্তানের সঙ্গে যুদ্ধে জড়ায়, তাহলে সেই পরিস্থিতির জবাব দেওয়ার জন্য পাকিস্তানও প্রস্তুত থাকবে।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে সাংবাদিকদের মুখোমুখি হতে দেখা যায় পাকিস্তান সেনার গণমাধ্যম শাখা ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনসের মহাপরিচালক আহমেদ শরীফ চৌধুরীকে। সেখানে তিনি ভারতের বিরুদ্ধে পাকিস্তানের হামলার অভিযোগ প্রসঙ্গে কথা বলেন। পাশাপাশি ভারত যদি পাকিস্তানের হামলার দাবি করে, তাহলে তার প্রমাণ বা ‘ডিজিটাল সিগনেচার’ সামনে আনার কথাও বলেন তিনি। একইসঙ্গে তাঁর বক্তব্যে এমন ইঙ্গিতও ছিল যে, ভারত যদি পাকিস্তানের হামলা চায়, তাহলে সেই পরিস্থিতির মুখোমুখি হতে হবে।
এদিন ভারতীয় সাংবাদিকদের একেবারে সরাসরি নিশানা করে পাকিস্তানের আহমেদ শরীফ চৌধুরী বললেন, “আমরা একেবারেই চাইনা যে ভারতের এই আহাম্মক এবং নির্লজ্জ সংবাদমাধ্যম ও সাংবাদিকরা আমাদের কোনও উপদেশ দিক। আসলে তাঁরা নিজেদের কাজ নিয়ে নিজেরাই লজ্জিত।” এটাই প্রথম নয়, এর আগেও পাকিস্তানের সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারতকে সরাসরি যুদ্ধের হুমকি দিয়েছিলেন আহমেদ শরীফ চৌধুরী!
