Homeদেশ ও বিদেশজাতীয় খবর (India News)পেট্রল-ডিজেলের দাম ফের বেড়েছে, কলকাতায় লিটার ১১৩ টাকারও বেশি

পেট্রল-ডিজেলের দাম ফের বেড়েছে, কলকাতায় লিটার ১১৩ টাকারও বেশি

-

সোমবার জ্বালানির দামে ফের বড় ধরনের বৃদ্ধি হয়েছে—পেট্রলের দাম লিটার প্রতি ২ টাকা ৬১ পয়সা এবং ডিজেলের দাম ২ টাকা ৭১ পয়সা করে বাড়ানো হয়েছে (Petrol Diesel Price Hike)। পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের আবহে গত দুই সপ্তাহে চার দফায় দাম বাড়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির আশঙ্কাও বাড়ছে, যা মধ্যবিত্তের বাজেটে বাড়তি চাপ ফেলছে বলে মনে করা হচ্ছে। এর আগে শনিবার (২৩ মে)ও পেট্রল ৮৭ পয়সা এবং ডিজেল ৯৭ পয়সা করে বেড়েছিল, ফলে ধারাবাহিক এই মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের উদ্বেগ আরও বেড়েছে।

পেট্রল-ডিজেলের নতুন দাম কত হলো? (Petrol Diesel Price Hike)

জ্বালানির দাম বৃদ্ধির ফলে দেশের বিভিন্ন শহরে পেট্রল ও ডিজেলের দাম নতুন রেকর্ড ছুঁয়েছে। রাজধানী দিল্লি-তে পেট্রলের দাম লিটার প্রতি ১০২ টাকা ১২ পয়সা এবং ডিজেলের দাম ৯৫ টাকা ২০ পয়সায় পৌঁছে গেছে, ফলে সেখানে জ্বালানি ১০০ টাকার গণ্ডি অতিক্রম করেছে। অন্যদিকে চেন্নাই-তে পেট্রলের দাম বেড়ে হয়েছে লিটার প্রতি ১০৭ টাকা ৭৭ পয়সা এবং ডিজেল বিক্রি হচ্ছে ৯৫ টাকা ৫৫ পয়সা দরে।

- Advertisement -

জ্বালানির দামে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে কলকাতা-তে, যেখানে এখন পেট্রল লিটার প্রতি ১১৩ টাকা ৫১ পয়সা এবং ডিজেল ৯৯ টাকা ৮২ পয়সায় পৌঁছে গেছে। একইভাবে দেশের বাণিজ্যিক রাজধানী মুম্বই-তেও জ্বালানির দাম বাড়ার ধারা অব্যাহত রয়েছে—সেখানে পেট্রলের দাম দাঁড়িয়েছে ১১১ টাকা ২১ পয়সা এবং ডিজেল বিক্রি হচ্ছে ৯৭ টাকা ৮৩ পয়সায়।

মধ্যবিত্তের ওপর বাড়তি চাপ, ভাড়া ও খরচ বাড়ার আশঙ্কা

জ্বালানির দাম বাড়ার ফলে সবচেয়ে বেশি চাপ পড়তে চলেছে মধ্যবিত্ত শ্রেণির ওপর বলেই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। ব্যক্তিগত গাড়ি ও বাইকে জ্বালানি ভরতে অতিরিক্ত খরচ তো বাড়বেই, তার সঙ্গে বাস ও ট্যাক্সির ভাড়াও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এখানেই শেষ নয়, পেট্রল-ডিজেলের দাম বাড়লে পরিবহন খরচ বেড়ে যায়, যার সরাসরি প্রভাব পড়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের ওপরও—ফলে বাজারদর আরও চড়ার আশঙ্কা করছেন অনেকেই।

পশ্চিম এশিয়ার উত্তেজনার প্রভাব পড়ছে জ্বালানি বাজারে

পশ্চিম এশিয়ার উত্তেজনার আবহে ইতিমধ্যেই দেশবাসীকে জ্বালানি ব্যবহারে সংযম বজায় রাখার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এমনই খবর বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। এর প্রভাবেই পেট্রল-ডিজেলের পাশাপাশি রান্নার গ্যাস, ভোজ্য তেল, সোনা, তামা ও রাসায়নিক সারের মতো একাধিক নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে ওঠানামা ও বৃদ্ধির জল্পনা তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ে আগেই বাজারে উদ্বেগ তৈরি হয়েছিল, আর সেই আবহেই ওয়াকিবহাল মহলের একাংশ মনে করছেন, ভবিষ্যতে জ্বালানির দাম আরও বাড়তে পারে।

উল্লেখ্য, পশ্চিম এশিয়ার অস্থিরতার মধ্যে গত ১১ মাসে পেট্রল-ডিজেলের দামে খুব একটা হেরফের হয়নি। তবে সরবরাহে টান পড়েছিল। তখন থেকেই কেন্দ্রীয় সরকারের কাছে দাম বৃদ্ধির আবেদন জানাচ্ছিল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। তার পরেই গত শুক্রবার (১৫ মে) পেট্রল-ডিজ়েলে লিটার প্রতি গড়ে ৩ টাকা এবং সিএনজি-র দাম ২ টাকা বৃদ্ধি পায়। ১৯ মে ফের দাম বাড়ে। আরও ৯০ পয়সা করে পেট্রলের দাম বাড়িয়ে দেওয়া হয়। তার পরে গত শনিবার (২৩ মে) পেট্রলো ৮৭ পয়সা এবং ডিজ়েলে ৯১ পয়সা মূল্যবৃদ্ধি হয়েছিল।

- Advertisement -
- Advertisement -
Breaking News
- Advertisement -
Related Stories
- Advertisement -