সাদিকুল খান, কলকাতাঃ ফিলিপাইনে (Philippines) ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন পাইলট-সহ বিমানবাহিনীর চার সদস্য। সে দেশের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বাতানাস প্রদেশের ফার্নান্দো এয়ার বেসে রুটিন প্রশিক্ষণ চলাকালীন ফিলিপাইন বিমানবাহিনীর দুটি এসএফ-২৬০ প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার কবলে পড়ে। এই ঘটনায় চারজনের মৃত্যুর খবর সামনে এসেছে। তবে কী কারণে দুটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার মুখে পড়ল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার পর দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানা যাচ্ছে।
ভয়াবহ বিমান দুর্ঘটনা ফিলিপাইনে
শনিবার ফিলিপাইনের সামরিক বাহিনীর তরফে এই দুর্ঘটনার খবর নিশ্চিত করা হয়েছে। বিমানবাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, গত শুক্রবার বিকেল ৩টা ৫১ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। প্রশিক্ষণ বিমান দুটি এয়ারবেসের সীমানার মধ্যেই ভেঙে পড়ে বলে জানা গিয়েছে। তবে চারজনের মৃত্যু ছাড়া অন্য কোনও হতাহতের খবর এখনও পর্যন্ত সামনে আসেনি। স্থানীয় সূত্রের দাবি, প্রশিক্ষণ চলাকালীন মাঝ আকাশে বিমান দুটি একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে সেগুলি মাটিতে আছড়ে পড়ে।
দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি ফিলিপাইনের সামরিক বাহিনী। তবে গোটা ঘটনা খতিয়ে দেখতে শুরু হয়েছে উচ্চপর্যায়ের তদন্ত। নিহত পাইলটদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ফিলিপাইন বিমানবাহিনীর তরফে আশ্বাস দেওয়া হয়েছে, এই কঠিন সময়ে তাঁদের পাশে থেকে সবরকম সাহায্য করা হবে। পাশাপাশি, দুর্ঘটনার কারণ স্পষ্ট না হওয়া পর্যন্ত এসএফ-২৬০ মডেলের সমস্ত প্রশিক্ষণ বিমান সাময়িকভাবে গ্রাউন্ডেড রাখার সিদ্ধান্ত নিয়েছে বিমানবাহিনী। অর্থাৎ, তদন্ত শেষ না হওয়া এবং পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই মডেলের বিমানগুলি আর উড়বে না।
বলাবাহুল্য, এর আগে ফিলিপাইনে একই ধরনের বিমান দুর্ঘটনা ঘটেছে একাধিকবার। চলতি বছরের মে মাসেই উত্তর ফিলিপাইনে একই ধরনের এক দুর্ঘটনায় দুই পাইলট নিহত হন। এর পাশাপাশি ২০২৩ সালে আরও একটি এসএফ-২৬০ বিমান প্রশিক্ষণ চলাকালীন বিধ্বস্ত হয়ে প্রাণ গিয়েছিল দুই পাইলটের।
