তামান্না খান, কলকাতাঃ দেশের কোটি কোটি কৃষক প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার পরবর্তী কিস্তির ২,০০০ টাকা পাওয়ার অপেক্ষায় রয়েছেন। সামনেই দীপাবলি থাকায় অনেক কৃষক আশা করছেন, উৎসবের আগেই তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে পারে পিএম কিষানের টাকা। তবে ২৪তম কিস্তির টাকা কবে দেওয়া হবে, সে বিষয়ে এখনও পর্যন্ত সরকারের তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। ফলে দীপাবলির আগে কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।
কবে আসবে আগামী কিস্তির টাকা ?
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা কেন্দ্র সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প, যার মাধ্যমে যোগ্য কৃষক পরিবারকে বছরে ৬,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। এই টাকা বছরে তিনটি কিস্তিতে, প্রতিবার ২,০০০ টাকা করে সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়। সাধারণত প্রতি চার মাস অন্তর এই কিস্তির টাকা দেওয়া হয়। সেই হিসাব অনুযায়ী, চলতি মাসেই পরবর্তী কিস্তির টাকা আসতে পারে বলে আশা করছেন অনেক কৃষক। তবে টাকা দেওয়ার নির্দিষ্ট তারিখ এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলে, চলতি মাসেই টাকা মিলবে বলে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
কারা পাবেন এই যোজনার টাকা ?
পিএম কিষান যোজনার সুবিধা পেতে হলে কৃষকদের সরকার নির্ধারিত যোগ্যতার শর্ত পূরণ করতে হবে। পাশাপাশি, ই-কেওয়াইসি (e-KYC) সম্পূর্ণ করা, জমি সংক্রান্ত নথিপত্রের যাচাই এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঠিক তথ্য থাকা জরুরি। আবেদনপত্রে কোনও ভুল থাকলে বা প্রয়োজনীয় তথ্যের মধ্যে অসঙ্গতি দেখা দিলে কিস্তির টাকা পেতে সমস্যা হতে পারে।
কারা পাবেন না এই যোজনার সুবিধা ?
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার সুবিধা পাওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু শর্ত রয়েছে, তাই সব কৃষক এই প্রকল্পের আওতায় পড়েন না। যেসব কৃষক আয়কর দেন, তাঁরা এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য নন। একইভাবে, কেন্দ্র ও রাজ্য সরকারের নির্দিষ্ট শ্রেণির কর্মরত ও অবসরপ্রাপ্ত আধিকারিক-কর্মচারীরাও এই সুবিধা পান না। চিকিৎসক, ইঞ্জিনিয়ার, আইনজীবী এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের মতো পেশাদারদের ক্ষেত্রেও নির্ধারিত অযোগ্যতার নিয়ম প্রযোজ্য। এছাড়া, মাসে ১০,০০০ টাকা বা তার বেশি পেনশন পান, এমন নির্দিষ্ট শ্রেণির অবসরপ্রাপ্ত পেনশনভোগীরাও এই প্রকল্পের বাইরে থাকেন।
এই ভাবে চেক করে নিন PM Kisan Beneficiary Status-
কৃষকরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার সরকারি ওয়েবসাইট pmkisan.gov.in-এ গিয়ে নিজেদের বেনিফিশিয়ারি স্ট্যাটাস যাচাই করতে পারবেন। পাশাপাশি, ওয়েবসাইটের নির্দিষ্ট বিকল্পের মাধ্যমে ই-কেওয়াইসি সম্পূর্ণ হয়েছে কি না এবং কিস্তির টাকা জমা সংক্রান্ত তথ্যও দেখে নেওয়া যাবে। দীপাবলির আগে অ্যাকাউন্টে ২,০০০ টাকা ঢোকার আশায় রয়েছেন বহু কৃষক। তবে পরবর্তী কিস্তির টাকা কবে দেওয়া হবে, সে বিষয়ে সরকারের আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত নির্দিষ্ট তারিখ নিশ্চিত করে বলা সম্ভব নয়।
