বিদ্যুৎ বিলের খরচ কমাতে এবার মালদহে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফ্ত বিজলী যোজনা-র আওতায় জেলার আরও বেশি সংখ্যক পরিবারের কাছে অন-গ্রিড সৌর বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এই ব্যবস্থায় বাড়ির ছাদে বসানো সৌর প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুতের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী সাধারণ বিদ্যুৎ গ্রিডের সংযোগও ব্যবহার করা যাবে। অতিরিক্ত উৎপাদিত বিদ্যুৎ আবার গ্রিডে পাঠিয়ে গ্রাহকরা বিদ্যুৎ বিলও কমাতে পারবেন। এই প্রকল্প সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে মালদহের পুরাতন মালদহ ব্লক অফিসে একটি কর্মশালার আয়োজন করা হয়, যেখানে আবেদন পদ্ধতি, যোগ্যতা এবং প্রকল্পের সুবিধা সম্পর্কে বিস্তারিত জানানো হয়।
অন-গ্রিড সৌর বিদ্যুৎ পরিষেবার সুবিধা কী?
এই প্রসঙ্গে মালদহ বিদ্যুৎ বণ্টন বিভাগের ডিভিশনাল ম্যানেজার সৌমেন দাস জানান, “বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি নিজেদের উৎপাদিত সৌর বিদ্যুৎ গ্রিডে জমা রাখার জন্য এটি একটি কার্যকর বিকল্প ব্যবস্থা। সাধারণ গ্রাহকদের সুবিধার কথা ভেবেই কেন্দ্র সরকার এই প্রকল্পে ভর্তুকির ব্যবস্থা করেছে। ১ কিলোওয়াট ক্ষমতার সৌর বিদ্যুৎ ব্যবস্থা স্থাপনে ৩০,০০০ টাকা, ২ কিলোওয়াটে ৬০,০০০ টাকা এবং ৩ কিলোওয়াট বা তার বেশি ক্ষমতার সিস্টেমে সর্বোচ্চ ৭৮,০০০ টাকা পর্যন্ত কেন্দ্রীয় ভর্তুকি ব্যবস্থা রয়েছে।
কীভাবে অনলাইনে আবেদন করবেন?
বিদ্যুৎ দফতর সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফ্ত বিজলী যোজনা-র জন্য ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী গ্রাহকরা অনলাইনের মাধ্যমে pmsuryaghar.gov.in ওয়েবসাইটে আবেদন করতে পারবেন। বর্তমানে মালদহ জেলায় প্রায় ৫০০টি বাড়িতে অন-গ্রিড সৌর বিদ্যুৎ ব্যবস্থা বসানোর কাজ চলছে। বিদ্যুৎ দফতরের দাবি, পর্যায়ক্রমে জেলার সমস্ত যোগ্য গ্রাহকের বাড়িতে এই পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে।
